তিন বছর পর ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএল ২০২৭-এর আগে বড়সড় সিদ্ধান্ত নিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। হয়তো নিজেদের ভুল শুধরে নিল। দলের নতুন অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। এর ফলে দীর্ঘদিন পর ফের দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে ‘হিটম্যান’কে।
২০২৪ সালের আইপিএলের আগে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ড্যেকে। সেই সিদ্ধান্ত ঘিরে মুম্বই সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। তাদের এই সিদ্ধান্ত যে ভুল ছিল যা গত কয়েক বছরে প্রমাণ পেয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার হার্দিক পাণ্ড্যে পঞ্জাব কিংসে ট্রেড হওয়ার পর ফের রোহিতের হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মুম্বই। দলের প্রধান কোচের দায়িত্বে এসেছেন কাইরন পোলার্ড।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত। তাঁর নেতৃত্বে ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে দলের সঙ্গে রোহিতের সম্পর্ক যে কতটা গভীর, তা বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার মতো ক্রিকেটারদের নামও আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতের উপরেই আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজি।
অধিনায়ক হিসেবে দায়িত্ব ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের প্রকাশিত বিবৃতিতে তিনি জানিয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্স তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই দলের নেতৃত্ব দেওয়া বরাবরই তাঁর কাছে গর্বের বিষয়। নীতা আম্বানি এবং আকাশ আম্বানির সঙ্গে আগামী মরসুম নিয়ে আলোচনা যথেষ্ট উৎসাহজনক বলেও জানিয়েছেন তিনি।
রোহিত আরও বলেছেন, আইপিএলের ২০তম মরসুমের জন্য তিনি প্রস্তুত। আগামী দিনে দলের হয়ে ভালো ক্রিকেট খেলা, একসঙ্গে লড়াই করা এবং সমর্থকদের আনন্দ দেওয়াই তাঁর লক্ষ্য।
অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, ২০২৭ সালের আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে বিশেষ মরসুম। কারণ, এই বছরই আইপিএলে তাদের ২০তম মরসুম। ২০১১ সালে মুম্বইয়ে যোগ দেওয়ার পর থেকে দলের সাফল্যের অন্যতম প্রধান মুখ রোহিত। তাঁর নেতৃত্ব, তরুণ ক্রিকেটারদের উপর আস্থা এবং সমর্থকদের সঙ্গে নিবিড় যোগাযোগ মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের অন্যতম ভিত্তি।
তিন বছর পর পুরনো দায়িত্বে ফিরে এবার কি ষষ্ঠ আইপিএল ট্রফি এনে দিতে পারবেন রোহিত? সেই উত্তর দেবে ২০২৭ সালের আইপিএল।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
