পেরুর রাজধানী লিমার কাছে ভয়াবহ ডাকাতির শিকার হলেন এক ভারতীয় যুবক ও এক পেরুর মহিলা। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় মুখোশধারী একদল দুষ্কৃতী। এরপর তাঁদের কাছ থেকে গয়নার প্যাকেট লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় দু’জনেই আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে পেরুর ক্যালাও এলাকায়। সংবাদমাধ্যম ‘এল কোমেরসিও’-র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ ভারতীয় নাগরিক বিজয় পাগরানি ইজা এবং ৩৫ বছর বয়সি পেরুর বাসিন্দা মারি নাতালি মিরান্ডা এস্পিনোজা জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের গাড়ির পিছু নেয় দুষ্কৃতীদের একটি দল।
অভিযোগ, কিছুক্ষণ গাড়িটির পিছু নেওয়ার পর মাঝ রাস্তায় সেটিকে আটকে দেয় তারা। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়ে গয়নার প্যাকেট ছিনিয়ে নেয়। হামলার সময় ৩০টিরও বেশি গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। দিনের আলোতেই এমন সশস্ত্র ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।