বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন বাবা। দাবি করেছিলেন, ২২ বছরের ছেলে নিখোঁজ হয়ে গিয়েছে। কিন্তু পরদিনই সামনে এল চাঞ্চল্যকর তথ্য। গুজরাটের ভদোদরায় বায়ুসেনা ঘাঁটিতে এককভাবে হামলার (Lone Wolf Attack) পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হল সেই নিখোঁজ যুবককেই।
ধৃত যুবকের নাম মহম্মদ সাহারুল ইসলাম। তাঁর বাড়ি অসমের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি এলাকায়। অভিযোগ, ভদোদরার এয়ার ফোর্স স্টেশনে এককভাবে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন তিনি। সেই সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।
এদিকে, ঘটনার তদন্তে নেমে এবার সাহারুলের বাবা কবির উদ্দিনকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন কবির উদ্দিন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনায় বাবার কোনও যোগ রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।