হরিয়ানার রোহতকে চাঞ্চল্যকর মিলন ধাবা চতুর্গুণ হত্যাকাণ্ডে সামনে এল নতুন ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তকারীদের নজরে এবার সানি রিতোলিয়ার বান্ধবী জাহ্নবী। পুলিশের সন্দেহ, ভাউ রিতোলিয়া গ্যাংয়ের হয়ে তথ্য পাচারের কাজ করতেন তিনি।
পুলিশ সূত্রে দাবি, সানি যাঁকে অত্যন্ত কাছের মানুষ বলে বিশ্বাস করতেন, সেই জাহ্নবীকে পরিকল্পনা করেই প্রায় তিন মাস আগে তাঁর জীবনে আনা হয়েছিল। অভিযোগ, সানির বিশ্বাস অর্জন করে তাঁর গতিবিধির উপর নজর রাখাই ছিল এই পরিকল্পনার উদ্দেশ্য। সেই সঙ্গে সানির অবস্থান ও গুরুত্বপূর্ণ তথ্য প্রতিপক্ষ গ্যাংয়ের কাছে পৌঁছে দিতেন তিনি বলে সন্দেহ তদন্তকারীদের।
তদন্তে উঠে আসা দাবি অনুযায়ী, সানিকে প্রেমের ফাঁদে ফেলে তাঁর গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছিল। এমনকী, মিলন ধাবার অবস্থানও প্রতিপক্ষ গ্যাংয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এর জেরেই হামলাকারীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছে গুলি চালাতে সক্ষম হয় বলে মনে করছেন তদন্তকারীরা। তবে জাহ্নবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তের আওতায় রয়েছে। তাঁর ভূমিকা এবং এই হত্যাকাণ্ডের পিছনে কথিত ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।