আমেরিকার একটি সুপারমার্কেটে ডাকাতির চেষ্টার সন্দেহে এক ভারতীয় মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মৃতের পরিবার নিশ্চিত করেছে। ভার্জিনিয়ার ওই সুপারমার্কেটে গত ১০ বছর ধরে কর্মরত এই মহিলার পরিচয় পাওয়া গিয়েছে, তাঁর নাম মেঘনাবেন প্যাটেল। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তাঁর আদি বাড়ি গুজরাটের মেহসানা জেলার ভিসাপুর তালুকের জানত্রাল গ্রামে। নিহতের বাবা কারসানভাই প্যাটেল এবং মা কপিলাবেন বর্তমানে জানত্রাল গ্রামেই বসবাস করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়, এলাকাটি ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। এছাড়া, হামলাকারীকে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ দল মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পশু-ছাপযুক্ত ট্রাউজার ও ধূসর রঙের জ্যাকেট পরিহিত এবং মুখ ঢাকা এক ব্যক্তি প্রায় জনশূন্য একটি দোকানে প্রবেশ করে কাউন্টারের দিকে এগিয়ে যান। ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তি কাউন্টারের অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা এক মহিলার সঙ্গে কথা বলছেন। তার কয়েক মুহূর্ত পরেই ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজের পকেটে হাত ঢুকিয়ে একটি আগ্নেয়াস্ত্র বের করেন এবং ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালান। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, সেই মহিলা মাটিতে লুটিয়ে পড়েন এবং হামলাকারী কাউন্টার টপকে ভেতরে ঢুকে ওই মহিলাকে লক্ষ্য করে পর পর গুলি চালাতে থাকে।