শনিবার আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন নিহত এবং আরও ১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রামোল-গাত্রাদ রোডের পাশে একটি খোলা জায়গায় স্থাপিত কারখানার ইউনিটে এই বিস্ফোরণটি ঘটে। শুরুতে মৃতের সংখ্যা দুই বলে জানানো হলেও, উদ্ধারকাজ চলার সময় তা বেড়ে আটজনে দাঁড়ায়। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জয়েন্ট পুলিশ কমিশনার (জেসিপি) জয়পাল সিং রাঠোর বলেন, “একটি খোলা জায়গায় আতশবাজি তৈরি করা হচ্ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানে ১২ থেকে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন।” পুলিশ কারখানা পরিচালনাকারী হিসেবে মেহুল দোদিয়ার নাম শনাক্ত করেছে। তদন্তকারীরা জানিয়েছেন যে কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানে কজ চলছিল বলে অভিযোগ রয়েছে।