জাপানে ভূমিকম্পের পর সুনামি

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার উত্তর জাপানের ওই অঞ্চলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, সেখানকার একটি বন্দরে ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) উঁচু একটি সুনামি ঢেউ আছড়ে পড়ে। জেএমএ জানায়, ইওয়াতে প্রদেশের কুজি এলাকার একটি বন্দরে বিকেল ৫টা ৩৪ মিনিটে এই ঢেউটি লক্ষ্য করা যায়। এর আগে সংস্থাটি জানিয়েছিল যে, বিকেল ৫টা ৩২ মিনিটে ৭০ সেন্টিমিটার উঁচু একটি ঢেউ আছড়ে পড়ে। আবহাওয়া সংস্থাটি আরও জানায়, সুনামির প্রাথমিক ঢেউগুলো উত্তর উপকূলীয় অঞ্চলে অবিলম্বে পৌঁছে যেতে পারে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, “উপকূলীয় অঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকাগুলো থেকে অবিলম্বে সরে গিয়ে উঁচু স্থান কিংবা নির্ধারিত আশ্রয়কেন্দ্রের মতো কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন।” তারা আরও জানায়, সুনামির ঢেউয়ের কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটি নির্দেশ দেয়, “সুনামির ঢেউগুলো বারবার আঘাত হানতে পারে; তাই সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত নিরাপদ স্থান ত্যাগ করবেন না।” জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে-এর প্রচারিত ফুটেজে ইওয়াতের বেশ কয়েকটি বন্দরের আশেপাশে তাৎক্ষণিক কোনও দৃশ্যমান ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে, তারা পরিস্থিতি মোকাবিলার জন্য একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে।