বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলটির নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া এবং ভিড়ের মধ্যে ‘চোর, চোর’ স্লোগান দেওয়া এক নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বুধবার এই ‘ডিম-তন্ত্রের’ সর্বশেষ শিকার হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের একটি খাবারের দোকানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করার সময় ‘বিজেপির গুণ্ডারা’ তাঁর দিকে ডিম ও বেগুন ছুড়েছে বলে ফেসবুক লাইভে অভিযোগ করেন মহুয়া। উল্লেখ্য, ঠিক যে দিন তৃণমূল নেতাদের লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ার ঘটনা নিয়ে বিজেপি-শাসিত রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট, সেদিনই এই ঘটনাটি ঘটল। আদালত মন্তব্য করেছে যে, রাজনীতিবিদদের লক্ষ্য করে ডিম ছোড়া এখন ‘সামাজিক ব্যাধিতে’ পরিণত হয়েছে।