ডে-কেয়ার থেকে প্রাইমারি স্কুল, ধর্ষণের শিকার শিশুরা

একদিন হঠাৎ স্কুলের গেটের সামনে গিয়েও ভিতরে যেতে চায়নি এক শিশু। সে রীতিমতো সেখানে ফ্রিজ হয়ে গিয়েছিল। তাঁর ওই অবস্থা দেখে ভেঙে পড়ে তার মা। কিছুক্ষণ পর স্কুলের প্রধান শিক্ষক তাকে জোর করে ভিতরে নিয়ে যায়। সেই মুহূর্তে মা কিংবা প্রধান শিক্ষক—কারওরই বোধগম্য হয়নি যে আসলে সমস্যাটা কোথায়। পরবর্তীতে তারা জানতে পারেন যে, ওই শিশুটি স্কুলেরই এক মনিটরের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিল। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস পুলিশ বর্তমানে শিশুদের ওপর শারীরিক নির্যাতন, দুর্ব্যবহার এবং যৌন নিপীড়নের অভিযোগ সংক্রান্ত ১০০টিরও বেশি ঘটনা খতিয়ে দেখছে; ওই শিশুটির ঘটনাটি সেই তদন্তাধীন মামলারই একটি। প্যারিসের শীর্ষ সরকারি আইনজীবী লর বেকুও ‘দ্য গার্ডিয়ান’-কে বলেন, ‘‘শহরজুড়ে ৮৪টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়, প্রায় ২০টি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টির মতো ডে-কেয়ার সেন্টারে আমাদের তদন্ত কার্যক্রম চলছে।’’