তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ

বুধবার দুপুরে তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ। আশঙ্কা করা হচ্ছে ভিতরে আটকে রয়েছে ৪০-৪৫ জন শ্রমিক। মৃতের সংখ্যা এখনও নিশ্চিত করে বলা হয়নি, আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা অনেক বাড়বে। আহত একাধিক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, তারাতলার ওই গোডাউনটিতে কাজ চলছিল। ভিতরে ছিলেন অনেক শ্রমিক। সেই সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। আটকে পড়েন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। গ্যাস কাটার নিয়ে এসে লোহার বিমগুলো কেটে শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজে সাহায্য করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ঘটনাস্থলে তৈরি রয়েছে অ্যাম্বুলেন্স, আহতদের যাতে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।