নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মা

উপনির্বাচনের প্রার্থী ঘোষণায় আবারও চমক দিল বিজেপি। মূল নির্বাচনে অভয়ার মাকে প্রার্থী করে পানিহাটি কেন্দ্রে বিপুল ভোটে জয়ের পর নন্দীগ্রাম কেন্দ্রেও সেই পথেই হাঁটল বিজেপি। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – জোড়া আসনে জেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি হাতে রেখে ছেড়ে দিয়েছিলেন নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিরোধী দলনেতা হয়েছিলেন। ছাব্বিশে নিজের চেনা গড় তিনি ছেড়ে এলেও মনে করা হচ্ছিল, ঘনিষ্ঠ কাউকে এই আসন থেকে ভোটে জিতিয়ে আনতে পারে বিজেপি। সেইমতো বেশকিছু নাম নিয়ে জল্পনা ছিল। সেখানে উঠে আসছিল শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পাল, প্রলয় পাল, অঞ্জন ভারতী প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকলেও এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। তিনি নিজেও জানিয়েছিলেন, পরিবারের ‘অভিভাবক’ শুভেন্দু অধিকারী চাইলে তিনি প্রার্থী হতে রাজি। সেই মতোই আজ নন্দীগ্রামে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হয়ে গেল।