প্রায় দু’দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর কলকাতায় ফিরছেন নির্বাসিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। তিনি ১ অগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ-বিরোধী কবি ও লেখকদের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এবার তাঁকে আমন্ত্রণ জানিয়েছে ‘সেক্যুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’। আয়োজকরা জানিয়েছেন, মৌলবাদের বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অবস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘ ও ঘটনাবহুল সম্পর্কের কারণে তাঁর এই সম্ভাব্য সফর সাহিত্য ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০০৭ সালে বামফ্রন্ট সরকারের আমলে তাঁর লেখালেখি নিয়ে তীব্র বিক্ষোভ ও আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতির জেরে তসলিমা নাসরিন কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপর তাঁর প্রত্যাবর্তনের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং নিরাপত্তার কারণে বিভিন্ন অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।