ছত্তিশগড়ের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার শনিবার প্রথমে তাঁর প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করেন এবং পরে নিজে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ওই তরুণীর রক্তাক্ত মৃতদেহ যুবকের ভাড়া করা বাড়ি থেকে উদ্ধার করা হয়; অন্যদিকে, রেললাইনে যুবকের দেহটি পাওয়া যায়, যা কোমরের কাছ থেকে দু’ভাগ হয়ে গিয়েছিল। ২৫ বছর বয়সী এই দু’জনকে যথাক্রমে ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা শ্রেষ্ঠ মালিক এবং উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা তাঁর প্রেমিকা ইশারা আয়ুবী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁরা দু’জনেই গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ইশারা আয়ুবীর পরিবারের সদস্যরা তাঁকে ফোন করে কোনও সাড়া না পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। কর্মস্থলে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন যে, তিনি সেদিন কাজে যোগ দেননি। এরপর পরিবারের সদস্যরা পুলিশের দ্বারস্থ হন এবং নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন।