বেদান্ত বিস্ফোরণে মৃত, আহতের তালিকা অধরা

ছত্তিশগড়ের শক্তি জেলার সিংহিতরাই-এ অবস্থিত বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের বাইরে শুধুই দীর্ঘশ্বাস এবং অনিশ্চয়তায়, আতঙ্কে ভারী হয়ে রয়েছে। মঙ্গলবার এই বিদ্যুৎ কেন্দ্রে একটি বয়লার টিউব বিস্ফোরণের ঘটনা ঘটার পর প্রায় ১৭ ঘণ্টা পেরিয়ে গিয়েছে; কিন্তু এখানে হাজির হওয়া বহু পরিবারের কাছেই সবচেয়ে বড় প্রশ্নের এখনও কোনও উত্তর মেলেনি, ‘‘কে বেঁচে আছেন, আর কে নেই?’’ ভিড়ের একাধিক অস্থির মুখ তাঁর প্রিয় জনের অপেক্ষায়; সকলেরই প্রশ্ন ‘‘কোনও তালিকা কি আছে? আপনারা কি তাদের নাম জানেন?’’ কেউ  খুঁজছেন তাঁর ভাইকে, কেউ আবার স্বামীকে। ১৪ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে, যখন কারখানার ভেতরে একটি বয়লার টিউবে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় কর্মীরা ভিতরে আটকে পড়েন, আহত হন এবং পুরো এলাকা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েন। উদ্ধার অভিযান সারারাত ধরে চলে এবং পরদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে।