ভারত ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে

পারমাণবিক অস্ত্র নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করে ভারত প্রথমবারের মতো ১২টি পারমাণবিক ওয়ারহেড বা যুদ্ধাস্ত্র ‘মোতায়েন’ করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থা সিপরি তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, নয়াদিল্লির কয়েক দশকের পুরনো নীতি থেকে এটি একটি বড় ধরনের সরে আসা; কারণ এতদিন পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো নিক্ষেপের ব্যবস্থা বা ‘ডেলিভারি সিস্টেম’ আলাদাভাবে সংরক্ষণ করা হতো। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রথম ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে কেবল ‘মজুত’ হিসেবে না দেখে ‘কার্যকরভাবে মোতায়েনকৃত’ (operationally deployed) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভূগর্ভস্থ মিসাইল সাইলো এবং নতুন পারমাণবিক সাবমেরিনে নিক্ষেপ-প্রস্তুত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার বিষয়টি ভারতের উচ্চতর প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। প্রতিবেদনে বলা হয়, সদ্য মোতায়েন করা এই ১২টি ওয়ারহেড হলো ভারতের পারমাণবিক ওয়ারহেড ও নিক্ষেপ-ব্যবস্থার সমন্বয় ঘটানো কিংবা সক্রিয় বাহিনীর ঘাঁটিতে সেগুলো মোতায়েন করার প্রথম ঘটনা।