‘‘দয়া করে নিশ্চিত করুন যেন সে শীঘ্রই মারা যায়।’’ অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে ২০ টাকার একটি নোটে এই লেখা রীতিমতো শিহরণ জাগিয়েছে। যা সবার নজর কেড়েছে এবং ভক্ত ও কর্মীদের চমকে দিয়েছে। অনন্তপুর জেলার সুব্রহ্মণ্যেশ্বর স্বামী মন্দিরের দানবাক্সে অন্যান্য উপাদানের সঙ্গে এই বার্তাটি পাওয়া যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, মন্দিরের কর্মীরা যখন দানবাক্সের অর্থ ও সামগ্রী গণনা করছিলেন, তখন তাঁরা একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেন। দানের মধ্যে থাকা ওই নোটটিতে হাতে লেখা একটি বার্তা ছিল। অনুরোধের সুরে লেখা বার্তাটিতে বলা হয়েছিল ‘‘স্বামী, আমার মাসির (বা পিসির) থেকে পাওয়া এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে নিশ্চিত করুন যেন সে শীঘ্রই মারা যায়।’’ নোটটি মন্দিরকর্মী ও ভক্তদের স্তম্ভিত করে দেয়, কারণ সাধারণত এ ধরনের দানে সুস্বাস্থ্য, চাকরি, বিয়ে, সন্তান বা সাফল্যের জন্য প্রার্থনা করা হয়ে থাকে। কর্মীরা বার্তাটি বার বার পড়েন। কেউ কেউ এই অনুরোধ দেখে হেসেও ফেলেন, অন্যরা নোটের বার্তায় ফুটে ওঠা বিদ্বেষ ও তিক্ততা দেখতে পান। দ্রুতই নোটটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং এর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।