মস্কোয় ড্রোন হামলায় মৃত ভারতীয়

রাশিয়ার মস্কো অঞ্চলে রবিবার একটি ড্রোন হামলায় এক ভারতীয়ের মৃত্যু ও তিনজন আহত হন বলে জানিয়েছে রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাস জানায়, তাদের কর্মকর্তারা হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ‘এক্স’ প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস বলেছে, “এই প্রাণহানিতে দূতাবাস গভীর শোক প্রকাশ করছে এবং কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে কোম্পানি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছে।” হতাহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এছাড়া, ড্রোন হামলাটি সম্পর্কে বিস্তারিত আর কোনও তথ্যও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত প্রকাশ করেনি। রবিবার  ইউক্রেন মস্কোর ওপর সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ড্রোন হামলাটি চালায়; এর ফলে রাশিয়ার রাজধানীর বিভিন্ন অংশ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বিমান হামলার অ্যালার্ম বেজে ওঠে, বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।