শাস্তি কমল মিগুয়েলের

অস্কারের বিদায় বার্তার দিনই সুখবর এল ইস্টবেঙ্গলে। ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরার শাস্তি কিছুটা কমাল ফেডারেশন। দুই ম্যাচের জায়গায় এক ম্যাচ নির্বাসিত করা হয়েছে লাল-হলুদ তারকাকে। ওড়িশা এফসির বিরুদ্ধে সেই এক ম্যাচ নির্বাসন হয়ে গিয়েছে। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে তাঁর কোনও বাধা থাকল না। ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি ম্যাচে তিনি লাল কার্ড দেখেন। যদিও তাঁর লাল কার্ড নিয়ে বিতর্ক ছিল। কিন্তু মাঠ ছাড়ার সময় বেঙ্গালুরু রিজার্ভ বেঞ্চে বল মেরে বিপদ ডেকে আনেন তিনি। প্রথমে তিন ম্যাচের নির্বাসনের কথা শোনা গেলেও ফেডারেশনকে শাস্তি কমানোর আবেদন করেছিল ইস্টবেঙ্গল। আর তাতেই সাড়া দিয়ে মিগুয়েলের শাস্তি কমাল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা।