সুখবীর সিং বাদলের উপর হামলা

বৃহস্পতিবার মহারাষ্ট্রের নান্দেড়ে শিরোমণি অকালি দলের প্রধান তথা পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের একটি গুরদুয়ারায় দর্শনের পর শহরের উপকণ্ঠে তাঁর ওপর এই হামলা চালানো হয়। সূত্র জানিয়েছে, এক শিখ কৃপাণ দিয়ে বাদলের ওপর হামলা চালান। হামলাকারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হামলার পরপরই বাদলকে নান্দেড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর নিরাপত্তায় নিয়োজিত এক নিরাপত্তাকর্মীও এই হামলায় আহত হয়েছেন। এর আগে ওই দিনই সুখবীর সিং বাদল সপরিবারে নান্দেড়ের তখত শ্রী হুজুর সাহিব দর্শনে গিয়েছিলেন। হামলার সময় বাদলের স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও তাঁর সঙ্গে ছিলেন।