দিল্লির যন্তর মন্তরে ২০ দিনের অনশনরত অবস্থায় জোর করে সরিয়ে সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া সোনম ওয়াংচুককে উন্নত চিকিৎসার জন্য মেদান্ত হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছে দিল্লি হাইকোর্ট। সেখানে চিকিৎসকদের একটি প্যানেল তাঁর চিকিৎসার দায়িত্বে থাকবেন। দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ অনশনের ফলে ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে সফদরজং হাসপাতাল থেকে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়েছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে. আংমো। সেই আবেদনের প্রেক্ষিতেই আদালত এই নির্দেশ দেয়। আদালতের বেঞ্চ জানায়, ‘‘আমরা তাঁকে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের প্রস্তাব দিচ্ছি। সেখানেই তাঁর চিকিৎসা হবে। সফদরজং হাসপাতালে তাঁর চিকিৎসার যাবতীয় নথিপত্র, রিপোর্ট এবং অন্যান্য তথ্য মেদান্ত হাসপাতালে হস্তান্তর করা হবে।’’ এছাড়া হাইকোর্ট মেদান্ত হাসপাতাল কর্তৃপক্ষকে ওয়াংচুকের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি প্যানেল গঠন করারও নির্দেশ দিয়েছে। আজ দিনের পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হতে পারে।