স্বস্তির বৃষ্টিতে বাড়ল অস্বস্তি

প্রবল গরমের হাত থেকে কলকাতা শহর ও শহরতলীকে রক্ষা করল ঠিকই কিন্তু মিনিট ৩০-এর প্রবল ঝড় আর বৃষ্টিতে উপড়ে পড়ল গাছ, উড়ে গেল মেট্রোর শেড, থমকে গেল ট্রেল চলাচল। এক কথায় রীতিমতো তছনছ অবস্থা শহর ও শহরতলীর। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ আকাশ কালো করে শুরু হয় ঝড়, বৃষ্টি। হাওয়ার গতি ছিল ঘণ্টার প্রায় ৭০ কিলোমিটার। সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। দু’য়ের প্রকোপে দুপুরেই সন্ধ্যা নামে শহর জুড়ে। সল্টলেক, রেডরোডে গাড়ির উপর ভেঙে পড়ে গাছ। এসএসকেএম-এর সামনেও ভেঙে পড়েছে গাছ। ওভার হেডের তার ছিড়ে পড়ায় শিয়ালদহ-বারসত শাখায় বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন চলাচল। অন্যদিকে, শিয়ালদহ-ক্যানিং রুটেও অনিয়মিত হয়ে পড়ে ট্রেন। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের একটা অংশের শেড উড়ে যায় হাওয়ায়। তবে আপাতত বন্ধ রয়েছে সেই স্টেশন। যদিও এই ঝড়, বৃষ্টিতে সাময়িক থমকে যায় মেট্রো চলাচলও। জল জমে যায় কলকাতা বিমান বন্দরের রানওয়েতেও। সেখানেও সাময়িক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।