৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক

সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। কোনও প্রশ্নের উত্তর দেননি। সেখান থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যোগ দেন তিনি। সেখানেও পৌঁছানোর সঙ্গেই তাঁকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। সই জাল কাণ্ডে গত বৃহস্পতিবার প্রথম সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন প্রায় সব প্রশ্নের উত্তরই ‘জানি না’ দিয়ে দায় সেরেছিলেন বলে জানা গিয়েছিল। রবিবার ফের তাঁকে ডাকা হয়। এদিন পৌনে বারোটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তাঁর পর সাড়ে তিনটে নাগাদ কুণাল ঘোষ একই মামলায় হাজির হন। যা খবর তাতে তাঁদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পৌঁছে আগে বেরিয়ে যান কুণাল ঘোষ। তার পরও বেশ কিছুক্ষণ অভিষেকের জেরা চলে। সাড়ে আটটা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাট যান তিনি।