IPL 2027 Auction-এ সেহওয়াগ-পুত্র-সহ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের তিন ক্রিকেটার

আইপিএল ২০২৭-এর মিনি নিলাম (IPL 2027 Auction) ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা। সেই নিলামের প্রাথমিক তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের তিন তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীর সেহওয়াগও। বাকি দু’জন হলেন মহিত উলভা এবং কাব্য প্যাটেল। তিন ক্রিকেটারই নিজেদের বেস প্রাইস রেখেছেন ৩০ লক্ষ টাকা।

আগামী ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ডে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৭-এর মিনি নিলাম। ভারতীয় ক্রিকেটের উঠতি প্রতিভাদের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক তারকাও রয়েছেন নিলামের প্রাথমিক তালিকায়। সব মিলিয়ে ১,২২০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। অথচ ১০টি ফ্র্যাঞ্চাইজির হাতে রয়েছে মাত্র ৬৬টি শূন্যস্থান। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ ২৫টি জায়গা।


তবে এই তিন তরুণের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আর্যবীর সেহওয়াগ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। পাঁচ ইনিংসে একটি শতরান ও তিনটি অর্ধশতরান-সহ মোট ৩৬২ রান করেছেন আর্যবীর। ফলে বাবার মতোই ব্যাট হাতে নিজের পরিচিতি তৈরি করার পথে এগোচ্ছেন এই তরুণ।

অন্যদিকে, পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক মহিত উলভা। ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে মাত্র ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মহিত। শেষ বলে এক উইকেটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। ফাইনালে ম্যাচের সেরার পুরস্কারও পান মহিত। কাব্য প্যাটেলও টুর্নামেন্টে নজর কেড়েছেন। ফাইনালে চার উইকেট-সহ গোটা প্রতিযোগিতায় তাঁর সংগ্রহ আট উইকেট।

তবে নিলামে নাম নথিভুক্ত করলেই চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া কিংবা আইপিএলে খেলার চুক্তি নিশ্চিত নয়। ফ্র্যাঞ্চাইজিগুলির পছন্দের ভিত্তিতে ১,২২০ জনের প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত নিলামের তালিকা তৈরি হবে। ইতিমধ্যেই দলগুলি ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির সম্মিলিত হাতে রয়েছে ২৯৭.৯৫ কোটি টাকা।

এখন দেখার, এশিয়া কাপের সাফল্যকে পুঁজি করে আর্যবীর, মহিত ও কাব্য শেষ পর্যন্ত কোন ফ্র্যাঞ্চাইজির নজর কাড়তে পারেন। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার প্রমাণ দেওয়ার পর এবার আইপিএলের মঞ্চে পা রাখার স্বপ্ন দেখছেন এই তিন তরুণ।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google