ACL 2: ইস্টবেঙ্গল ১ (জিকসন সিং)-আল-হুসেইন ০
সুচরিতা সেন চৌধুরী: নাটকীয় পরিবর্তন হয়তো একেই বলে। যখন হাল ছেড়ে দিয়েছে সবাই তখনই বদলে গেল ফল। এভাবেও ফিরে আসা যায়। ৮৭ মিনিটে রশিদের কর্নার থেকে বক্সের মধ্যে ডেভিডের ব্যাকহিল ধরে জিকসন সিং গোলে বল রাখতেই উচ্ছ্বাসের বাধ ভাঙল। গ্যালারির গুটিকয় দর্শকের শব্দব্রহ্মতেই কেঁপে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই দমবন্ধ পরিবেশে ফুরফুরে হাওয়া খেলে গেল। রিজার্ভ বেঞ্চ থেকে ছিটকে মাঠে ঢুকে পড়লেন সবাই। আগের ম্যাচে ক্ষোভে ফেটে পড়েছিলেন হাবাস। আর এদিন যেন ডার্বির আগের মহরা সেরে ফেললেন তিনি। ম্যাচ শেষে একদম শান্ত হাবাস। যখন সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তখন রিজার্ভ বেঞ্চে গিয়ে বসে পড়লেন তিনি। যেন একটা বড় বোঝা নেমে গিয়েছে।
একদিকে সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। মরসুমের শুরুটা ভালো করেও হঠাৎ-ই যেন খেই হারিয়ে ফেলেছে দলটা। এক সঙ্গে খেলতে হচ্ছে আইএসএল ও এএফসি। এএফসির যোগ্যতা অর্জন করলে এমনটাই যে হবে সে তো জানাই ছিল। তাহলে কেন এই পতন? প্রথম কারণ তো অবশ্যই আনোয়ার আলির না থাকা। একটা পুরো দল যে কতটা একজনের উপর নির্ভরশীল তা আনোয়ারের থাকা আর না থাকার মধ্যে ইস্টবেঙ্গলের খেলার মানের পার্থক্য দেখলেই পরিষ্কার। তার মধ্যে গত ম্যাচ থেকে নেই এডমুন্ডও। ১০ সপ্তাহ তিনি মাঠের বাইরে। আনোয়ার রিহ্যাব শুরু করেছেন। তবে কবে ম্যাচ ফিট হবেন তা এখনই বলা যাচ্ছে না। সে কারণে এসিএল ২-এ আল হুসেইনের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচই ছিল দলকে মেপে নেওয়ার মঞ্চ।
প্রথম থেকেই এদিন আক্রমণাত্মক ছিল আল-হুসেইন। যার ফল ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সুযোগ চলে এসেছিল জর্ডনের দলের সামনে। মহম্মদ রাহির থেকে বল পেয়ে আলমারদির শট অল্পের জন্য বাইরে যায়। আল-হুসেইনের মিসের ছোঁয়া ঠিক পরের মিনিটেই যেন লেগে গেল ইস্টবেঙ্গলের খেলায়ও। যখন দানি রামিরেজের পাঠানো বল গোলের মুখে সেন্টারের কাছে পৌঁছে গেলেও বলে টাচ করতে পারলেন না সেখানে উপস্থিত ডেভিড। আর এর মধ্যেই ১৩ মিনিটে ভয়ঙ্কর ভুল করে বসলেন ফূর্বা।
নিজেদের গোল কিক ধরে এগিয়ে গিয়েছিলেন আল-হুসেইনের আরিফ হাইথাম। তাঁর গায়ে লেগে তখন জয় গুপ্তা। যদিও তাঁর থাকা না থাকায় অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকেরও ভরসা নেই। এই পরিস্থিতিতে গোল ছেড়ে বক্সের অনেকটা বাইরে চলে গিয়েছিলেন ফূর্বা। তাঁকে কাটিয়েই গোল লক্ষ্য করে শট নেন আরিফ। যদিও তিনি লক্ষ্যভ্রষ্ট হলেন। না হলে তখনই এগিয়ে যেতে পারত আল-হুসেইন। ভিলেন হয়ে যেতে পারতেন ফূর্বা।
২২ মিনিটে ডেভিডের দূরপাল্লার শট অল্পের জন্য বাইরে গেল। এখানেই অবশ্য শেষ নয়। আল-হুসেইনের আলমারদি প্রথমার্ধেই হ্যাটট্রিক করতে পারতেন, কিন্তু তেমনটা হল না। বরং গোলের নিচে ভুলের হ্যাটট্রিক করে ফেললেন ফূর্বা লাচেনপা। আইএসএল-এ যেমন হাবাস গোলের নিচে ভরসা রেখেছেন বিশাল কাইথের উপর, তেমনই এএফসিতে ইস্টবেঙ্গলের শেষরক্ষণের দায়িত্বে ফূর্বা। এদিন বার বার বিপদে ফেললেন দলকে। একই অবস্থা রক্ষণে জয় গুপ্তা ও মাঝ মাঠে জিকসন সিংয়ের। তবে নিজেদের ভুল শুধরে যেমন নিশ্চিত গোল বাঁচালেন ফূর্বা, তেমনই একমাত্র গোলটি করে দলকে জেতালেন জিকসন। তার মধ্যেই রক্ষণে নজর কাড়লেন সন্দীপ মান্ডি, লালচুংনুঙ্গা, জিভুলিচ, দানিরা। এদিন যেন অনেকটাই অফকালার রশিদও।
তার মধ্যেই ২৮ মিনিটে লোবার সেন্টার থেকে জয় গুপ্তা গোলে শটের বদলে যেন বল ক্লিয়ার করে দিলেন। তার আগেই ক্রিসের সেন্টার থেকে সহজ সুযোগ নষ্ট করেছেন ডেভিড। মিসের বহর গুনতে গেলে খেই হারিয়ে ফেলতে হবে। তবে ইস্টবেঙ্গলের থেকে আল-হুসেইন অনেকটাই এগিয়ে থাকবে এদিকে। ৩৪ মিনিটে আলমারদির কর্নার সরাসরি পোস্টে না লাগলে বিপদ হতে পারত ইস্টবেঙ্গলের, কারণ জায়গায় ছিলেন না ফূর্বা। ঠিক তিন মিনিটের মধ্যে আরও বড় ভুল করে বসলেন ফূর্বা। বক্সের মধ্যে থেকে শট নিতে দেরি করায় প্রতিপক্ষের ফুটবলার সেখানে পৌঁছে গিয়েছিলেন। ফূর্বার শট তাঁরই গায়ে লেগে গোলের কান ঘেঁষে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় আক্রমণ, পাল্টা আক্রমণে। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। আসলে এই ম্যাচে সব থেকে বেশি ডিফেন্স করল ক্রসবার। কখনও ইস্টবেঙ্গলের হয়ে, কখনও আবার আল-হুসেইনের হয়ে। আর দ্বিতীয়ার্ধের আট মিনিটের মধ্যেই দুই পক্ষের তিনটি নিশ্চিত গোলের সুযোগ আটকে যায় ক্রসবারে। ৪৭ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল হাল-হুসেইন। আরিফের শট ক্রসবারে লেগে ফিরে আসে। তার ঠিক দু’মিনিটের মাথায় যেন সেই মুহূর্তেরই অ্যাকশন রিপ্লে দেখা গেল ইস্টবেঙ্গলের পক্ষে। যখন দানি রামিরেজের শট ক্রসবারে লেগে ফিরল। ৫৩ মিনিটে আবারও আরিফের শট ক্রসবারে আটকে গেল। ৬৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে ইউসেফ হোসেনের শট পোস্টে লেগে বাইরে চলে যায়।
অনেক ভুল করে শেষ বেলায় আলমারদির নিশ্চিত গোলের শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন ফূর্বা। এছাড়াও বেশ কিছু ভালো সেভ করেন তিনি। দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করেন হাবাস। ক্রিস ইকনোমেডিসকে তুলে বিপিন সিং, দানি রামিরেজকে তুলে পিভি বিষ্ণু ও আকে লোবাকে তুলে লুকাজ জেলোনেস্কিকে নামিয়ে দেন। তিন বিদেশিকে তুলে যেন আসন্ন ডার্বির জন্যই সংরক্ষণ করলেন। সঙ্গে এই ম্যাচে গতি আনারও চেষ্টা করলেন। আর তার মধ্যেই শেষ বেলায় বাজিমাত ইস্টবেঙ্গলের। এই ম্যাচ জিতে এসিএল ২-এর নকআউটের রাস্তা খুলে রাখল ইস্টবেঙ্গল। আল শোর্তার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিততে পারলে ইতিহাস রচনা হতেই পারে লাল-হলুদ, তথা ভারতীয় ফুটবলে।
ইস্টবেঙ্গল এফসি: ফূর্বা লাচেনপা, লালচুংনুঙ্গা, দিয়েগো জিভুলিচ, সন্দীপ মান্ডি, জয় গুপ্তা, জিকসন সিং, বাসিম রশিদ, দানি রামিরেজ (পিভি বিষ্ণু), ক্রিস ইকনোমেডিস (বিপিন সিং) , ডেভিড লালহানসাঙ্গা (মহম্মদ আসিফ খান), আকে লোবা (লুকাজ জেলোনেস্কি)
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
