১৩ দল নিয়েই এবারের ISL, শুরু হবে নির্ধারিত সময়ের একমাস পর

ISL

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আসন্ন মরসুমটি, যা আগে ৪ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল, তা এক মাসেরও বেশি সময় পিছিয়ে দেওয়া হয়েছে এবং এটি ৬ অক্টোবরের পরেই শুরু হবে। যা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। ফিফার আন্তর্জাতিক ম্যাচের সময়সূচি বা ‘উইন্ডো’ (যা ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে) শেষ হওয়ার পরেই আইএসএল শুরু হবে। বুধবার গভীর রাতে আরও একটি বিষয়ও নিশ্চিত হয়ে গেল আইএসএল নিয়ে। এবার ১৩ দল নিয়ে হবে আইএসএল।

ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬-এর চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি নির্ধারিত সময়সীমার (বুধবার) মধ্যে অংশগ্রহণ ফি-র দ্বিতীয় কিস্তির ৫৫ লক্ষ টাকা জমা দিতে ব্যর্থ হওয়ায়, এই লিগটি ১৩টি দল নিয়েই আয়োজিত হবে। উল্লেখ্য, ইন্ডিয়ান ফুটবল লিগ ২০২৫-২৬ জেতার সুবাদেই ডায়মন্ড হারবার আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছিল।


মোট ১.১ কোটি টাকা অংশগ্রহণ ফি-র দ্বিতীয় কিস্তি এআইএফএফ-এর কাছে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৪ অগস্ট—যা ডায়মন্ড হারবারের জন্য বুধবার পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর মধ্যেই জামশেদপুর ফুটবল ক্লাব তাদের সমস্ত মালিকানা গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের কাছে বিক্রি করে দেওয়ার পর, চার্চিল ব্রাদার্স আসন্ন আইএসএলে অংশ নেওয়ার জন্য ১৪ অগস্টই পুরো ১.১ কোটি টাকা ফি জমা দিয়েছে বলে জানা গিয়েছে।

অংশগ্রহণ ফি-র প্রথম কিস্তির (৫৫ লক্ষ টাকা) অর্থ জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই, ৩১ জুলাই জামশেদপুর এফসি আইএসএল থেকে সরে দাঁড়ায় এবং তাদের মূল দলকে চার্চিলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও চার্চিল ব্রাদার্সে খেলার বিষয়ে বেঁকে বসেছেন অনেক জামশেদপুরের ফুটবলারই।

এদিকে আইএসএল-এর দিন-ক্ষণ নির্ধারিত করে না জানালেও ফিফা উইন্ডো শেষ হওয়ার পর অক্টোবরেই আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তার আগে দেশের মাটিতে ব্রাজিল দলের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি খেলবে ভারতীয় ফুটবল দল। এছাড়া আরও দুটো আন্তর্জাতিক দলকেও এনে ফ্রেন্ডলি খেলানোর চেষ্টা করছে ফেডারেশন। তার মধ্যে অনেকটাই নিশ্চিত বিশ্বকাপে নজর কেড়ে নেওয়া কেপ ভার্দের মতো দল।

এদিকে, ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’-এ অংশ না নেওয়ার সিদ্ধান্তের ফলে কোনও পূর্বনির্ধারিত আর্থিক জরিমানা বা শাস্তির মুখে পড়তে হয়েছে—এমন “ভুল দাবির” তীব্র নিন্দা জানিয়েছে এআইএফএফ। এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘কোনও ভিত্তি বা নথিপত্র ছাড়াই এআইএফএফ-এর আর্থিক বিষয় নিয়ে যাচাইহীন তথ্য ও দাবি জনসমক্ষে প্রচার করা হচ্ছে, যা নিয়ে আমরা উদ্বিগ্ন।’’

গত সপ্তাহে ভারত উদ্বোধনী ‘ফিফা আসিয়ান কাপ’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে হাই-প্রোফাইল আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিকে তারা অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এতে বলা হয়েছে, আগামী ৩ অক্টোবর কলকাতায় পাঁচবারের ফিফা বিশ্বকাপ জয়ী দল ব্রাজিলকে আতিথ্য দেওয়ার সিদ্ধান্তটি যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়েছে; কারণ এটি ভারতীয় ফুটবল, জাতীয় দল এবং লক্ষ লক্ষ ভক্তের জন্য এক অসাধারণ সুযোগ।

‘‘এই ম্যাচটি ভারতীয় জাতীয় দলের মনোবল বাড়াবে এবং ভক্তদের ভারতীয় ফুটবলের প্রতি আকৃষ্ট করবে—যার প্রভাব অপরিসীম। ম্যাচটি দু’টি ফুটবল ফেডারেশনের পারস্পরিক সম্মতিতে আয়োজিত একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট; তাই এটিকে কোনওভাবেই একপেশে আয়োজন হিসেবে দেখা উচিত নয়,’’ বিবৃতিতে আরও বলা হয়।

‘‘ভারতীয় ফুটবল নিয়ে মতামত প্রকাশের গণতান্ত্রিক অধিকারকে এআইএফএফ (AIFF) সম্মান করে। তবে ফেডারেশনের আর্থিক বিষয় ও তহবিল ব্যবহারের বিষয়ে কোনও মন্তব্য করার ক্ষেত্রে তা অবশ্যই তথ্যভিত্তিক ও যাচাইযোগ্য হতে হবে,’’ বলে বিবৃতিতে লেখা হয়েছে।

জাতীয় ফেডারেশন উল্লেখ করেছে যে, ‘‘তথ্যগতভাবে ভুল বক্তব্য প্রচারের ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা বিশ্বাস করি, যারা এই দাবিগুলো তুলেছেন তারা ভারতীয় ফুটবলের মঙ্গলই চান এবং সম্ভবত ভুল তথ্যের ওপর ভিত্তি করেই এমনটা করেছেন। এই বিবৃতির মাধ্যমে এআইএফএফ সবাইকে প্রকৃত তথ্য সম্পর্কে অবহিত করতে চায়। যদি সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুল দাবি প্রচার অব্যাহত রাখেন, তবে যারা জেনেশুনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশ বা প্রচার চালিয়ে যাবেন, তাদের বিরুদ্ধে এআইএফএফ যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle