একটি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। কারণ ইতিমধ্যেই ফলতায় নতুন করে নির্বাচন ঘোষণা করা হয়েছে। যে কারণে সোমবার গননা হবে ২৯৩টি কেন্দ্রের। শুধু বাকি থাকবে ফলতা, যেটা হবে ২৪ মে। মোট ২৯৪টির মধ্যে গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসন ও তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। সরকার গড়তে হলে পেতে হবে ১৪৭ আসন। মোট ৭৭টি কেন্দ্রে হবে গণনা। কলকাতার গণনা কেন্দ্রগুলি হল, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে, সেন্ট টমাস বয়েজ স্কুলে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বাবা সাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, বিহারীলাল কলেজ, হেস্টিংস হাউস কমপ্লেক্স। জেলার ক্ষেত্রে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানকার ৩৩টি আসনের ভোট গোনা হবে বারাসত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাইস্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ।