এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকোগামী একটি বিমান ২৩৯ জন যাত্রী নিয়ে ওড়ার আট ঘণ্টারও বেশি সময় পর দিল্লিতে ফিরে আসতো বাধ্য হয়। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়। এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে যে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। এক বিবৃতিতে বিমান সংস্থাটি বলেছে, ‘‘গত ২৭ মে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী ফ্লাইট AI173, নির্ধারিত কার্যপ্রণালী অনুসরণ করে একটি যান্ত্রিক সমস্যার কারণে দিল্লিতে ফিরে এসেছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী এটির যান্ত্রিক পরিদর্শন করা হবে।’’ জানা গিয়েছে, বিমানটি যখন চিনের আকাশসীমায় ছিল—অর্থাৎ ওড়ার তিন ঘণ্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পর—তখনই এটি দিল্লির দিকে ফিরে আসার জন্য গতিপথ পরিবর্তন করতে শুরু করে। বিমান সংস্থাটি জোর দিয়ে বলেছে যে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং সুস্থতাই তাদের কাছে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’। এয়ার ইন্ডিয়া আরও জানায়, ‘‘যাত্রীদের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা যথাসম্ভব দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করছি। এরই মধ্যে, আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে; যার মধ্যে রয়েছে খাবার ও পানীয়, হোটেলে থাকার ব্যবস্থা এবং যাত্রীদের পছন্দ অনুযায়ী ফ্লাইটের সময়সূচি পুনর্বিন্যাস করার সুবিধা।’’