বঙ্গে জনগননা শুরু ১ অগস্ট থেকে

অগস্টেই বঙ্গে শুরু জনগননা। শুক্রবার বৈঠকের পর এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ অগস্ট থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। ১৫ অগস্ট পর্যন্ত বাসিন্দারা সেলফ এনুমারেশন করতে পারবে। বিষয়টি নিয়ে আমজনতার যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে চালু করা হচ্ছে হেল্প লাইন নম্বর। দেশব্যাপী ১৮৫৫ নম্বরে ফোন করে সমস্যার কথা জানানো যাবে। চালু করা হবে ল্যান্ড লাইন নম্বর ০৩৩-২৩৩৫ ৯৫০৩। চালু করা হয়েছে ওয়েবসাইট- www.westbengal.census. gov.in। এদিন মুখ্যমন্ত্রী বললেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছে ২০১১ সালে। পূর্বতন সরকার তারপর আর সেন্সাস করেনি। তৎকালীন মুখ্যসচিব সম্মতি দেননি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি।” ১৫ বছর পর হতে চলেছে জনগননা। চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।