উত্তরপ্রদেশের নিরাপত্তা বাহিনী নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের একটি প্রচেষ্টা আটকে দিতে সক্ষম হয়েছে এবং খালিস্তান-পন্থী সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র এক ‘ওয়ান্টেড’ (পলাতক ও সন্ধিগ্ধ) সদস্য ও ওই সংগঠনের সঙ্গে যুক্ত এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে। উত্তরপ্রদেশের বাহরাইচ পুলিশ ধৃতদের পরিচয় শনাক্ত করেছে—একজন হলেন বিক্রমজিৎ সিং, যিনি পঞ্জাবের একটি থানায় ২০২৩ সালের হামলার ঘটনায় অভিযুক্ত ও পলাতক; অন্যজন হলেন মার্কিন নাগরিক মনবীর সিং ধিলোঁ, যার আদি বাড়ি পঞ্জাবের মোগা জেলায়। নেপাল থেকে রূপাইডিহা সীমান্ত চৌকি পার হয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। এছাড়া সশস্ত্র সীমা বল (এসএসবি) ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে আরও তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে—তাঁরা হলেন রূপাইডিহা শহরের বাসিন্দা সুরেশ কুমার পাঠক ও দিলীপ উপাধ্যায় এবং গাড়ির চালক রাহুল কুমার।