স্বাধীনতা দিবসের একদিন আগে দিল্লি জুড়ে হামলার হুমকি

স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, শুক্রবার দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং রাজধানী শহরের আরও চারটি স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে; এর ফলে পুরো শহরজুড়ে নিরাপত্তা তল্লাশি ও ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। হাইকোর্ট ও বিমানবন্দর ছাড়াও জামনগর হাউস, ঝান্ডেওয়ালানের একটি ভবন, সাকেতের একটি অফিস এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম (SDM) অফিসে এই হুমকির খবর পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট স্থানগুলোতে দমকল বাহিনী, বোম্ব ডিসপোজাল স্কোয়াড এবং স্নিফার ডগের মতো জরুরি পরিষেবা দলগুলোকে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সংস্থা ও স্থানীয় পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং হুমকির সত্যতা যাচাই করছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক থাকার মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি। দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে এই হুমকিটি পায়, যার ফলে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ বিষয়ে রেজিস্ট্রার জেনারেল দিল্লি পুলিশের সঙ্গো যোগাযোগ রাখছেন। আদালতের সূত্র অনুযায়ী, ইমেইলটিতে লেখা ছিল, ‘‘দিল্লি হাইকোর্টে দুপুর ২:১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে।’’ ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও স্নিফার ডগ পাঠানো হয়। হুমকি সত্ত্বেও আদালতের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।