Asian Games 2026 Day 1: জোড়া রুপোর পাশাপাশি জোড়া পদক নিশ্চিত ভারতের

২০২৬ এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে (Asian Games 2026 Day 1) ভারত শুটিংয়ে দু’টি রুপো জিতে নিয়েছে। শুরুতে এলাভেনিল ভালারিভান, বিদর্সা বিনোদ এবং সোনম মাস্কারের মহিলা দল ১০ মিটার এয়ার রাইফেল দলীয় ইভেন্টে রুপো জয়ের সঙ্গেই ভারতের পদকের খাতা খুলে যায়। এরপর এলাভেনিল মহিলা ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টেও রুপো জিতে নেন। তাঁর এই সাফল্য বিভিন্ন ইভেন্টে ভারতীয় দলের জন্য এক স্মরণীয় সূচনার সাক্ষী হয়ে রইল। এদিকে সেমিফাইনালে বাংলাদেশকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মহিলা ক্রিকেট দল সোনার লড়াইয়ে (ফাইনালে) জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এদিন ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকান শাফালি ভার্মা।

এছাড়া এমএমএ (MMA)-তে সুচিকা তরিয়াল মহিলা ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে জিতে ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমাকে হারান তিনি। এছাড়া ভারতের মহিলা ও পুরুষ হকি দল তাদের প্রথম পুল ম্যাচে যথাক্রমে ১৯-০ ও ১৩-১ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। মেয়েরা হারায় উজবেকিস্তাকে আর ছেলেরা ইন্দোনেশিয়াকে। সাঁতারে, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে ঋষভ দাস ৫৪.৭৭ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করেছেন। হিটে উৎকর্ষ পাতিল দ্বাদশ হন। পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল হিটে বেনেডিকশন বেনিস্টন দ্বাদশ এবং আকাশ মণি ২৩তম স্থান অর্জন করেন।


টেকবোলে মহিলা সিঙ্গলস ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কুইন্সি ডি’সুজা জাপানের ইউইনা সাকামোটোর কাছে হেরে যান। মিক্স ডবলসে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে কুইন্সি ও মহম্মদ আনাস বেগ ভিয়েতনামের হোয়াং মিন তান এনগুয়েন এবং জিয়া গি ত্রিন-এর কাছে পরাজিত হন।

ব্যাডমিন্টনে মহিলাদের দলীয় ইভেন্টের উদ্বোধনী রাউন্ডে ভারত কাজাখস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে। টেবিল টেনিসে মহিলাদের দলীয় বিভাগের গ্রুপ এফ-এর ম্যাচে ভারত ইন্দোনেশিয়াকে ৩-০ এবং সিঙ্গাপুরকে ৩-২ ব্যবধানে পরাজিত করে। পুরুষদের দলীয় বিভাগে ভারত ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে হারালেও ইরানের কাছে ০-৩ ব্যবধানে পরাজিত হয়।

উশুতে পুরুষদের চাংকোয়ান ফাইনালে সুরজ সিং মায়ংলামবাম ১১তম স্থান অধিকার করেন। মহিলাদের ৫২ কেজি এবং পুরুষদের ৭৫ কেজি বিভাগে ভারতের অপর্ণা ও বিক্রান্ত বালিয়ান যথাক্রমে তাঁদের ‘রাউন্ড অফ ১৬’-এর ম্যাচে পরাজিত হন।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: FacebookTwitterGoogle