Smit Machchar-এর তৎপড়তায় বেঁচে গেল পুরো বিমান, কে এই ভারতীয় বিমানচালক

যে পাইলট সাহসিকতার সঙ্গে তাঁর সহ-পাইলটের আক্রমণকে প্রতিহত যাত্রী বোঝাই বিমানকে নিজে আহত হওয়া সত্ত্বেও রক্ষা করেছেন, তিনি ভারতীয় বিমানচালক ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Smit Machchar)। তাঁর সহ-বিমানচালকই নাশকতার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তিনি বিমানের সিস্টেমে গন্ডোগোল ঘটিয়ে তাতে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন। বুধবার ‘ফ্লাইদুবাই’ বিমানের ঘটনা। ওই বিমানে ২৭ জন শিশুসহ মোট ১৭৪ জন যাত্রী ছিলেন।

লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী, ক্যাপ্টেন মচ্ছর চার বছর ধরে ফ্লাইদুবাই-এর সঙ্গে কাজ করছেন। এর আগে তিনি ভারতীয় বিমান সংস্থা ‘স্পাইসজেট’-এ ১০ বছর কাজ করেছেন। বোয়িং ৭৩৭ বিমান পরিচালনায় তাঁর ১৩ বছরেরও বেশি বাণিজ্যিক বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি দীর্ঘ সময় ‘লাইন ট্রেনিং ক্যাপ্টেন’ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তাঁর মোট ফ্লাইং টাইম ৯,৭৫০ ঘণ্টারও বেশি।


ক্যাপ্টেন মচ্ছর ২০১১ সালে স্পাইসজেটে যোগ দেন এবং সেখানে লাইন ট্রেনিং ক্যাপ্টেন ও সিনিয়র কমান্ডারের মতো বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জুন মাসে তিনি স্পাইসজেট ছেড়ে ‘ডাইরেক্ট এন্ট্রি ক্যাপ্টেন’ হিসেবে ফ্লাইদুবাই-এ যোগ দেন।

স্কুলজীবন শেষ করার পর ক্যাপ্টেন মচ্ছর তাঁর পারিবারিক ব্যবসার সঙ্গে সম্পর্কিত একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হন। এরপর তিনি একটি ম্যানেজমেন্ট কোর্সও করেন। সেই কোর্সের সময় আয়োজিত একটি এভিয়েশন সেমিনারে অংশ নিয়েই তিনি বুঝতে পারেন যে তিনি আসলে কী করতে চান। তখন তাঁর বয়স ছিল ১৯ বছর।

ছেলের কাছে তাঁর ইচ্ছের কথা জানতে পেরে তাঁর মা আতঙ্কিত হয়ে পড়লেও বাবা বিষয়টিকে সমর্থন করেছিলেন। এর পর ক্যাপ্টেন মচ্ছর নিউজিল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং এর জন্য তাঁর খরচ হয়েছিল প্রায় ১৬ থেকে ১৭ লাখ টাকা। তাঁর ভাইও সম্প্রতি ফ্লাইদুবাই-এ যোগ দিয়েছিলেন।

একবার জেনে নেওয়া যাক ফ্লাইদুবাই-এর বিমানে কী ঘটেছিল

ফ্লাইদুবাই-এর তথ্যমতে, বুধবার সকালে ফ্লাইট এফজেড ১০৭৩ (FZ 1073) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) থেকে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার সময় ককপিটেই সহকারী বিমান চালকের আক্রমণের শিকার হন ক্যাপ্টেন মচ্ছর।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানান, আকাশে ওড়ার সময় এক পাইলট বিমানের সিস্টেমে অন্তর্ঘাত চালানোর চেষ্টা করেন। ক্যাপ্টেন মচ্ছর তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

তিনি বলেন, “ফ্লাইটটি যখন ইসরায়েলের দিকে এগিয়ে আসছিল, তখন এক পাইলট অন্য পাইলটকে ছুরি দিয়ে  আঘাত করেন এবং বিমানে থাকা সবাইকে নিয়ে বিমানটিকে ক্র্যাশ করানোর চেষ্টা চালান।” তবে বিমানের এক কর্মী ও এক যাত্রী ককপিটে ঢুকে পড়েন এবং সন্দেহভাজন ব্যক্তিকে “নিবৃত্ত” করেন।

ককপিটে ধস্তাধস্তির সময় বিমানটি দুই মিনিটের মধ্যে ১৭,৪০০ ফুটেরও বেশি নিচে নেমে গিয়েছিল; তবে নেতানিয়াহু জানান, এক কর্মী ককপিটে প্রবেশ করে বিমানটিকে পুনরায় স্থিতিশীল করেন।

বিমানটিকে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের একটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। সব যাত্রীই নিরাপদ আছেন; অন্যদিকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং সৌদি কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, বিমানে থাকা যাত্রীরা ইসরায়েল, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, চারজন যাত্রীর মার্কিন নাগরিকত্ব ছিল।

ফ্লাইদুবাই জানিয়েছে, তদন্ত চলাকালীন ইসরায়েলে যাওয়া ও সেখান থেকে আসা তাদের সব ফ্লাইট স্থগিত রাখা হবে। নেতানিয়াহু জানান, তিনি সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সম্মত হয়েছেন যে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় ইসরায়েলও যুক্ত হবে।

সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু সুনির্দিষ্টভাবে উল্লেখ না করা সত্ত্বেও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার বার্ষিকী আসতে আর মাত্র এক সপ্তাহ বাকি; ওই হামলার জের ধরেই ধারাবাহিক যুদ্ধের সূত্রপাত হয়েছিল।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google