নর্থইস্টকে গোলের মালা পরিয়ে আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি নিশ্চিত করল East Bengal

East Bengal 7-2 North East United

ইস্টবেঙ্গলের গোল: ডেভিড লালানসাঙ্গা (৩), রোহিত কুমার, ইকোনোমিডিস, আকে লোবা, লুকাস জিয়োলিনস্কি
নর্থইস্টের গোল: আলাদিন আজারে (২)


আইএফএ শিল্ড ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে দুরন্ত ফুটবল উপহার দিয়ে নর্থইস্ট ইউনাইটেডকে ৭–২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। সোমবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গোলের বন্যা বইয়ে দেন লাল-হলুদ ফুটবলাররা। এই জয়ের ফলে ৬ অক্টোবরের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল—অর্থাৎ আবারও কলকাতা ডার্বি।

ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খায় ইস্টবেঙ্গল। দ্বিতীয় মিনিটে দিয়েগো জিভুলিচের ভুল টাচের সুযোগ কাজে লাগিয়ে আলাদিন আজারে নর্থইস্টকে এগিয়ে দেন। গোলকিপার ফুরবা লাচেনপাকে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দেন তিনি। শুরুতেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। তবে তখনও খেলা অনেক বাকি ছিল, যা যত ম্যাচ গড়িয়েছে ক্রমশ প্রমাণ হয়েছে।

 পিছিয়ে পড়ে ভেঙে পড়েনি ইস্টবেঙ্গল। বরং ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় লাল-হলুদ ব্রিগেড। আক্রমণের পর আক্রমণ তৈরি করে নর্থইস্টের রক্ষণকে চাপে ফেলে দেয় তারা।

ইস্টবেঙ্গলের হয়ে এদিন নায়ক ডেভিড লালানসাঙ্গা। দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি তিনি হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। তাঁর সঙ্গে গোলের তালিকায় নাম লেখান রোহিত, ক্রিস, আকে লোবা এবং লুকাস জিয়োলিনস্কি। দুই গোল করেন নর্থইস্টের আলাদিন।

বিশেষ নজর কেড়েছেন ইস্টবেঙ্গলের দুই নতুন বিদেশি আকে লোবা ও লুকাস জিয়োলিনস্কি। অভিষেক ম্যাচেই দু’জনের গোল লাল-হলুদের আক্রমণভাগকে আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে আসন্ন আইএসএল-এর জন্য।

শেষ পর্যন্ত ৭–২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পঞ্জাব এফসির কাছে ০–১ গোলে হারের হতাশা কাটিয়ে সেমিফাইনালে যে ভাবে দল ঘুরে দাঁড়াল, তা লাল-হলুদ সমর্থকদের জন্য বড় স্বস্তির।

ফাইনালে এবার মঞ্চ প্রস্তুত ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মহারণের। ডুরান্ড কাপের পর আইএফএ শিল্ডের ফাইনালেও মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যার অপেক্ষায় ছিল আয়োজক থেকে সমর্থক, সকলেই।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google