ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যামাজন (Amazon)। এবার সংস্থার মূল রিটেল ব্যবসা-সহ একাধিক টিমে কর্মী সংখ্যা কমানো হয়েছে। ভারত, আমেরিকা ও ব্রিটেনে এই ছাঁটাইয়ের প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ১,০০০-এর কম উচ্চপদস্থ কর্মী এই দফায় চাকরি হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও অ্যামাজন ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে, সংস্থার দাবি, মোট কর্মীসংখ্যার তুলনায় এটি ‘ছোট সংখ্যক’ পদকে প্রভাবিত করেছে।
কোন কোন বিভাগে ছাঁটাই?
অ্যামাজনের বক্তব্য অনুযায়ী, মূলত স্টোর ব্য়বসা বা সংস্থার প্রধান ই-কমার্স কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভাগগুলিতেই এই পরিবর্তন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কাস্টমার সার্ভিস, সেলিং পার্টনার সার্ভিসেস, মার্কেটপ্লেস সাপোর্ট এবং রিটেল অপারেশনের সঙ্গে যুক্ত কিছু ইঞ্জিনিয়ারিং পদও ছাঁটাইয়ের আওতায় এসেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৬ (Great Indian Festival 2026) চলাকালীনই এই ছাঁটাইয়ের খবর সামনে এসেছে। কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যম ব্যবহার করে ছাঁটাইয়ের খবর ছড়িয়ে দেওয়া হয়।
বড় পুনর্গঠনের পরও ছাঁটাই
এই দফার ছাঁটাই তুলনামূলকভাবে ছোট হলেও, এর আগে অ্যামাজন বড় ধরনের কর্মী পুনর্গঠন করেছিল। ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সংস্থাটি প্রায় ৩০,০০০ কর্পোরেট পদ বাতিল করেছিল। খরচ কমানো এবং সংস্থার কাঠামো আরও সরল করাই ছিল সেই পুনর্গঠনের অন্যতম লক্ষ্য।
সাম্প্রতিক কর্মী ছাঁটাই থেকে ইঙ্গিত মিলছে, সেই পুনর্গঠন এখনও পুরোপুরি শেষ হয়নি।
AI-তে বিপুল বিনিয়োগ
অন্যদিকে, অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে কেন্দ্র করে নিজেদের ব্যবসায় বড় পরিবর্তন আনছে। AI পরিষেবার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার, চিপ এবং অন্যান্য পরিকাঠামোয় বিপুল অর্থ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সংস্থার।
প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষেত্রগুলিতে অ্যামাজনের মোট বিনিয়োগের পরিকল্পনা প্রায় ২২০ বিলিয়ন ডলার।
ভারতে বিনিয়োগও অব্যাহত
কর্মী ছাঁটাইয়ের খবর এলেও ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনও ইঙ্গিত নেই। বরং ভারতে অ্যামাজনের বিনিয়োগ অব্যাহত রয়েছে।
মার্চ মাসে বেঙ্গালুরুতে একটি নতুন ক্যাম্পাস চালু করে সংস্থাটি। প্রায় ১১ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই অফিসকে এশিয়ায় অ্যামাজনের দ্বিতীয় বৃহত্তম অফিস হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে ই-কমার্স, পেমেন্টস, প্রযুক্তি এবং সেলার সার্ভিসেস-সহ বিভিন্ন ক্ষেত্রে ৭,০০০-এর বেশি কর্মী কাজ করতে পারবেন বলে জানানো হয়েছিল।
ফলে সাম্প্রতিক ছাঁটাইকে ভারতে অ্যামাজনের বিনিয়োগ কমানোর পদক্ষেপ হিসেবে না দেখে, বরং সংস্থার কর্মী ও সম্পদের পুনর্বিন্যাস হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
Great Indian Festival-এ কী অফার?
অ্যামাজনের Great Indian Festival 2026 ৮ অক্টোবর রাত ১২টা থেকে সমস্ত গ্রাহকের জন্য শুরু হয়েছে। এই সেলে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন-সহ বিভিন্ন গৃহস্থালি পণ্যে সর্বোচ্চ ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছে সংস্থা।
এছাড়াও SBI ডেবিট ও ক্রেডিট কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, Amazon Pay ICICI Bank Credit Card-এ ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং নির্বাচিত ডিভাইস কেনায় Prime সদস্যদের অতিরিক্ত ২৫০ টাকা ক্যাশব্যাকের সুবিধা রয়েছে। Amazon Pay Later EMI ব্যবহার করলেও ১০ শতাংশ ক্যাশব্যাকের অফার দেওয়া হচ্ছে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google
