অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব বুধবার ভোরে আন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে। ঘূর্ণিঝড়টির ল্যান্ডফলের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছে। প্রবল ঝড় ও বৃষ্টির মধ্যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। আবার কয়েকজনের উপর ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে। বিশাখাপত্তনম (Vizag), অনকাপল্লে, কাকিনাড়া, কোনাসিমা এবং পশ্চিম গোদাবরী—এই পাঁচ এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে।


ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়েছে। একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।