স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৪৬ জনের। বুধবার সকালে মাদ্রিদের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির রেল পরিকাঠামো পরিচালনাকারী সংস্থা ADIF জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে টোলেডো প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল, পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে দুর্ঘটনার নেপথ্যে মানুষের ভুলের সম্ভাবনা উঠে এসেছে বলে জানিয়েছে ABC News। অভিযোগ, একটি গুরুত্বপূর্ণ সিগন্যালিং সমস্যার মেরামতির কাজ চলছিল। সেই সময় একজন পাবলিক ইউটিলিটি কর্মী একটি AVE হাই-স্পিড ট্রেনকে সামনে থাকা Iryo ট্রেনের বিষয়ে যথাযথ সতর্ক করতে ব্যর্থ হন। এই ভুলের ফলেই দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।