ব্রাজিল,উরুগুয়ের কলকাতায় খেলে যাওয়ার রেশ কাটতে না কাটতেই শহরে পা রাখতে চলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ডগলাস মাইকন (Douglas Maicon)। কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১৩ নভেম্বর রাতেই কলকাতায় পা রাখছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক ও ইন্টার মিলান কিংবদন্তি ডগলাস মাইকন। যা কলকাতা তথা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবে নিশ্চিত।
প্রাক্তন ফুটবলারদের ঝটিকা সফর বা নিছক প্রদর্শনী ম্যাচ নয়, লক্ষ্য তৃণমূল স্তর থেকে তারকা খুঁজে আনা। এই বার্তাই স্পষ্ট কিং স্পোর্টস ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা অভিষেক সেনগুপ্তর কথায়। তাঁর কথায়, ‘ভারতের পরবর্তী আইকনকে খুঁজতে বাংলার মাটিতে আনছি মাইকনকে। ১৫০ কোটি ভারতীয়ের স্বপ্ন পূরণ করতে মাইকন আর কিং স্পোর্টস এর যৌথ উদ্যোগই হল মিশন ২০৩৭।
২ দিনের সফরে এসে ১৪ নভেম্বর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মাইকন। মিশন ২০৩৭- এর লক্ষ্য হিসেবে আগামী ১০ বছরে যাতে ভারতীয়রা ইউরোপিয়ান ফুটবলেও বা ইউরোপের ক্লাবে খেলার মতো জায়গা করে নিতে পারে সেই লক্ষ্যেই একযোগে কাজ করবে মাইকন ও কিং স্পোর্টস ম্যানেজমেন্ট।
ট্যালেন্ট হান্ট এর মাধ্যমে কলকাতা থেকে ভারতীয় ফুটবলের পরবর্তী সুপারস্টার তৈরি করার লক্ষ্যেই চলবে নানা উদ্যোগ। ১৪ তারিখ বিভিন্ন স্কুল থেকে আসা খুদে প্রতিভাবানদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ফুটবলের পরামর্শ দেবেন মাইকন। একই সঙ্গে স্পোর্টস বিজনেস ও রিপ্রেজেন্টেশনের ওপর ডিপ্লোমা কোর্স এর সূচনাও হবে মাইকন ও কিং স্পোর্টস ম্যানেজমেন্ট-এর মাধ্যমে।
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google