বোস্টনে নিখোঁজ ২৩ বছরের ভারতীয় ছাত্রী

আমেরিকার বোস্টনে নিখোঁজ হয়ে গেলেন তেলেঙ্গানার ২৩ বছর বয়সি এক ভারতীয় ছাত্রী। তাঁর নাম শ্রীজা রেড্ডি। গত ২ নভেম্বর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার। জানা গিয়েছে, তেলেঙ্গানার নালগোন্ডা জেলার কানাগাল মণ্ডলের শাবদুল্লাপুরম গ্রামের বাসিন্দা শ্রীজা। প্রায় দেড় বছর আগে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি সেখানে পার্টটাইম কাজও করতেন ওই তরুণী।

তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বিদেশের মাটিতে ভারতীয় ছাত্রীর এই রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে তাঁর পরিবার ও পরিচিত মহলে। এখনও পর্যন্ত শ্রীজার নিখোঁজ হওয়ার কারণ বা তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।