Indian Football Team: নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা, গুরপ্রীত আউট, ঋত্বিক ইন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের ভারতীয় ফুটবল দল (Indian Football Team) ঘোষণা করলেন জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল। শুক্রবার, ৬ নভেম্বরের ফিফা আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর জন্য এই দল ঘোষণা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। অভিজ্ঞ গোলরক্ষক গুরুপ্রীত সিং সান্ধুর দলে জায়গা হয়নি। একদিন আগেই আইএসএল-এর ম্যাচে ওড়িশা এফসির হয়ে মোহনবাগানের বিরুদ্ধে দুরন্ত গোলকিপিং করার ফল হাতে নাতে পেলেন ঋত্বিক তিওয়ারি। অন্যদিকে, দলে রয়েছেন লিস্টন কোলাসো, বিজয় ভার্গিস এবং মহম্মদ সুহেল।

আগামী ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে। ভারতীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে সেই ম্যাচ।


নওশাদ মুসার কোচিংয়ে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ভারতীয় দলে থাকা তিন ফুটবলার বিজয় ভার্গিস, মহম্মদ সুহেল এবং লিস্টন কোলাসোকে নিউজিল্যান্ড সফরের দলে রেখেছেন খালিদ জামিল। ফলে তাঁরা আর ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন না। সরাসরি নিউজিল্যান্ডগামী ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

অন্যদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মুম্বই সিটি এফসির তিন ফুটবলার ফারুখ চৌধুরী, নৌফল পিএন এবং হিমিংথানমাওইয়া রালতেকে। তাঁরা নিজেদের ক্লাবে ফিরে যাবেন। চোটের কারণে রনি খারবুদনও ঢাকায় যেতে পারবেন না।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচকে ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন কোচ খালিদ জামিল। তাঁর কথায়, নিউজিল্যান্ডও বিশ্বকাপে খেলা একটি শক্তিশালী দল। বিদেশের মাটিতে এই দু’টি ম্যাচ ভারতীয় ফুটবলারদের জন্য নিজেদের দক্ষতা যাচাইয়ের ভালো সুযোগ। দলগত শৃঙ্খলা বজায় রেখে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চান তাঁরা।

শনিবার, ৭ নভেম্বর বেঙ্গালুরুতে একত্রিত হবে নিউজিল্যান্ড সফরগামী ভারতীয় দল। রবিবার অনুশীলনের পর ওই রাতেই অকল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন ফুটবলাররা।

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, সোম কুমার, বিশাল কাইথ

ডিফেন্ডার: অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্তা, মেহতাব সিং, পরমবীর, রিকি মেইতেই হাওবাম, রোশন সিং নাওরেম

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, জিথিন এমএস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, লালরিনলিয়ানা হামতে, তোম্বা সিং হাওবাম

ফরোয়ার্ড: ডেভিড লালহ্লানসাঙ্গা, এডমন্ড লালরিন্দিকা, লিস্টন কোলাসো, মনবীর সিং, মহম্মদ সুহেল, রায়ান উইলিয়ামস

প্রধান কোচ: খালিদ জামিল

ভারতের নিউজিল্যান্ড সফরের সূচি

তারিখ ম্যাচ ও সময় (ভারতীয় সময়) স্টেডিয়াম
১২ নভেম্বর নিউজিল্যান্ড বনাম ভারত, সকাল ১১:৩০ গো মিডিয়া স্টেডিয়াম, অকল্যান্ড
১৫ নভেম্বর নিউজিল্যান্ড বনাম ভারত, সকাল ৮:৩০ ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়াম, ক্রাইস্টচার্চ

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে খেলার পর এই প্রথম সিনিয়র ভারতীয় দল মাঠে নামবে। পানামার বিরুদ্ধে ১-১ ড্র করলেও ব্রাজিলের কাছে ০-৪ এবং উরুগুয়ের কাছে ১-৬ গোলে হেরেছিল ভারত। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুই ম্যাচে নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটানোই হবে খালিদ জামিলের দলের অন্যতম লক্ষ্য।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google