হুগলির উত্তরপাড়ায় এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল সদ্যোজাত শিশুর। অভিযোগ, সন্তান প্রসবের কয়েক মিনিটের মধ্যেই নার্সিংহোমের শৌচালয়ের জানলা দিয়ে সদ্যোজাতকে বাইরে ছুড়ে ফেলে দেয় ১৬ বছরের এক নাবালিকা। শনিবার সকালে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে বলে পরিবারের সদস্যদের জানান ওই নাবালিকা। এরপর তাঁকে উত্তরপাড়া পুরসভার অধীন একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা তাঁর শারীরিক অসুস্থতার কারণ বুঝতে পারেননি। শনিবার সকালে পেটের যন্ত্রণা আরও বেড়ে যাওয়ার কথা জানিয়ে শৌচালয়ে যান ওই কিশোরী। সেখানে কারও সাহায্য ছাড়াই তিনি সন্তানের জন্ম দেন বলে তদন্তে উঠে এসেছে।
অভিযোগ, সন্তান প্রসবের কয়েক মিনিটের মধ্যেই শৌচালয়ের জানলা দিয়ে সদ্যোজাত শিশুটিকে বাইরে ছুড়ে ফেলে দেন তিনি। পরে শিশুটির মৃত্যুর ঘটনা সামনে আসে। কী পরিস্থিতিতে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।