মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগজনক ঘটনা ঘটে গেল। ট্রেনের মধ্যে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ ও খারাপভাবে স্পর্শ করার প্রতিবাদ করায় তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর। নির্যাতিতার বয়স ২০ বছর। তাঁর নাম সুপ্রিয়া শিন্ডে। তিনি বোরিভলি থেকে বিরারগামী লোকাল ট্রেনে নায়গাঁও যাওয়ার জন্য উঠেছিলেন। ভিড়ের কারণে ভুল করে বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েছিলেন তিনি। অভিযোগ, ওই কামরায় যাত্রা করার সময় ৫৩ বছর বয়সি এক ব্যক্তি তাঁকে বারবার অশালীনভাবে স্পর্শ করেন। এমনকী তাঁর বুকের কাছেও হাত দেওয়ার অভিযোগ উঠেছে। প্রথমে প্রতিবাদ করেন ওই তরুণী। কিন্তু তাতেও অভিযুক্ত থামেননি বলে অভিযোগ।
এরপর ক্ষুব্ধ হয়ে নিজের চটি খুলে ওই ব্যক্তিকে মারেন তিনি। শুরু হয় দু’জনের মধ্যে বচসা। অন্যান্য যাত্রীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তও পাল্টা গালিগালাজ করেন এবং নিজের চটি ছুড়ে মারেন ওই মহিলার দিকে। ট্রেন নায়গাঁও স্টেশনে পৌঁছনোর পরেও বচসা চলতে থাকে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত ওই মহিলাকে ধাক্কা দিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় ফেলে দেন। তিনি যখন উঠে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন, ঠিক তখনই চলতে শুরু করে লোকাল ট্রেন।
ট্রেনের চাকায় পিষ্ট হয় তাঁর বাঁ হাত। ভয়াবহভাবে জখম হন তিনি। শেষ পর্যন্ত কনুইয়ের নীচ থেকে তাঁর বাঁ হাত বাদ দিতে হয় চিকিৎসকদের। মাথাতেও গুরুতর আঘাত লাগে। মাথায় পড়েছে ১৬টি সেলাই। ৫৩ বছর বয়সি অভিযুক্তের নাম জিতেন্দ্র হিরমুখে। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।