ফের অশান্ত মণিপুর। শুক্রবার ইম্ফল-উখরুল সড়কে সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় মৃত্যু হল চারজনের। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের দুই ভাইবোন এবং এক মা ও তাঁর ছেলে। দু’টি গাড়িতে করে তাঁরা ইম্ফলের দিকে যাচ্ছিলেন। সেই সময় নিউ হেভেন এলাকায় তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবারের এই হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। দীর্ঘদিন ধরে জাতিগত সংঘর্ষে জর্জরিত এই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তৈরি হলেও এই হত্যাকাণ্ড ফের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
নিহত চারজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন, কাপাংখুই আরএস, হাওলেইলা আরএস, অগাস্ট এনগালুং, খানমিলা। প্রথম দু’জন শাংশাক গ্রামের বাসিন্দা এবং তাঁরা পরস্পরের ভাইবোন। অন্যদিকে, অগাস্ট এনগালুং ও খানমিলা তাশার গ্রামের বাসিন্দা। তাঁরা মা ও ছেলে।