SAFF Championship 2026: ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ভারত

বাংলাদেশের ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ (SAFF Championship 2026)-এর সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। শনিবার, ১৪ নভেম্বর, ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এই জয়ের ফলে রেকর্ড দশম সাফ শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারতের হয়ে গোল করেন পিভি বিষ্ণু এবং অধিনায়ক চিংলেনসানা সিং কোনশাম। ভুটানের হয়ে একমাত্র গোলটি করেন কিনজাং তাশি তোবদেন।

প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলে দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে ভুটানের পাল্টা আক্রমণে বেশ চাপে পড়তে হয় ব্লু টাইগার্সদের। শেষ পর্যন্ত গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করেন কোচ নৌশাদ মুসার ছেলেরা। এই জয়ের ফলে আগামী ১৭ নভেম্বর ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে তারা।


ম্যাচের শুরুতে ভুটান মাঝমাঠে ভারতকে আটকে রাখার চেষ্টা করলেও নয় মিনিটেই সেই প্রতিরোধ ভেঙে দেন ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড পিভি বিষ্ণু। বাঁ দিক থেকে আসা লম্বা ডায়াগোনাল পাস অসাধারণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর ডান পায়ে বল নিয়ে ভুটানের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষক গিয়েলছেন জাংপোকে পরাস্ত করেন বিষ্ণু। তাঁর নিখুঁত শটে ১-০ গোলে এগিয়ে যায় ভারত। এর সঙ্গেই জাতীয় দলের জার্সিতে প্রথম গোলও লিখে নিলেন নিজের নামে।

গোল পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ভারতীয় দল। ১৭ মিনিটে ব্রাইসন ফার্নান্ডেজের পাস থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন মোহনবাগানের সুহেল আহমেদ ভাট। কিন্তু তাঁর শট আটকে দেন ভুটানের গোলরক্ষক। ২১ মিনিটে ঋষি শাবংয়ের পাস থেকে ফের সুযোগ তৈরি হয়। সুহেলের শট আটকে দেন তেনজিন নরবু। ২৩ মিনিটে অভিষেক সূর্যবংশীর ক্রস থেকে ব্রাইসন ফার্নান্ডেজের ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

অবশেষে ২৮ মিনিটে দ্বিতীয় গোল পায় ভারত। ডান দিক থেকে মাংলেনথাং কিপগেনের কর্নার ভুটানের ডিফেন্স ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। সেই সুযোগ কাজে লাগিয়ে বক্সের মধ্যে থেকে জোরালো শটে বল জালে পাঠান ভারতীয় অধিনায়ক চিংলেনসানা সিং কোনশাম। প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ভারত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় ভুটান। ৪৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান কিনজাং তাশি তোবদেন। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হলেও সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্যবহৃত VAR প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত বদলান রেফারি। ফলে ২-১ হয়ে যায় ম্যাচের স্কোর।

এরপর ৫৩ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল ভুটান। চেনচো গিয়েলছেনের বিপজ্জনক শট অসাধারণ দক্ষতায় ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন ভারতীয় গোলরক্ষক অর্শ আনোয়ার শেখ। ৬৪ মিনিটে কিপগেনের পরিবর্তে ম্যাকার্টন নিকসন এবং বিষ্ণুর পরিবর্তে ইরফান ইয়াদওয়াদকে মাঠে নামান কোচ নৌশাদ মুসা।

৬৫ মিনিটের কাছাকাছি সময়ে ইয়াদওয়াদের ক্রস ভুটানের ডিফেন্ডার নিমা ওয়াংদির হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভার পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। ফলে গোলের ব্যবধান বারানোর সুযোগ হাতছাড়া হয় ভারতের। ৮৫ মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারতেন সুহেল আহমেদ ভাট। বক্সের মধ্যে বল নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে শট নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

শেষদিকে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভুটান। অতিরিক্ত সময়েও একাধিক আক্রমণ তৈরি করে তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। এই জয়ের ফলে ১৭ নভেম্বর ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যারা জিতবে, তারাই হবে ভারতের প্রতিপক্ষ। যার ফলে আরও একবার ভারত-পকিস্তান দ্বৈরথ দেখার সুযোগ চলে আসতে পারে ফুটবলপ্রেমীদের সামনে।

ভারতের প্রথম একাদশ: অর্শ আনোয়ার শেখ, চিংলেনসানা সিং কনশাম, অভিষেক সূর্যবংশী, সুহেল আহমেদ ভাট (এবিন্দাস ইয়েসুদাসান ৯০+১’), বিষ্ণু পিভি (ইরফান ইয়াদওয়াদ ৬৪’) (নাথান রডরিগেজ ৯০+১’), খাইমিনথাং লুংদিম, রিকি সাবং, মাংলেনথাঙ্গা কিপজেন (ম্যাকার্টন নিকসন ৬৪’), নিখিল প্রভু, সন্দীপ মান্ডি, ব্রাইসন ফার্নান্ডেস (আব্দুল রাবিহ ৭৮’)

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google