U19 Asia Cup Final: টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শেষ বলে জয় ভারতের

ক্রিকেটের ময়দানে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। আর সেই লড়াই যদি হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল (U19 Asia Cup Final), তা হলে উত্তেজনার পারদ যে চরমে উঠবে, সেটাই স্বাভাবিক। শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের ৩৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে শেষ বলে ১ উইকেটে জয় ছিনিয়ে নিল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের ৩৩৭ রানের জবাবে ভারতও ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলে নেয়। শেষ পর্যন্ত এক উইকেটের এই জয় ভারতীয় তরুণদের লড়াকু মানসিকতা এবং চাপের মুখে নিজেদের সামলে রাখার ক্ষমতার প্রমাণ দিল। বুঝিয়ে দিল ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত তৈরি।


টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকেই বড় রানের লক্ষ্যে ব্যাট করতে শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতে উসমান খান ও হায়াম খান ৬২ রান যোগ করেন। হায়াম ২৩ বলে ২১ রান করে কাব্য প্যাটেলের বলে আউট হন। এরপর ক্রিজে এসে ভারতীয় বোলারদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন আবদুল কাদির। উসমান খানের সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ১৩৫ রানের পার্টনারশিপ পাকিস্তানকে বড় স্কোরের ভিত তৈরি করে দেয়।

উসমান একদিকে যেমন ইনিংস ধরে রাখেন, অন্যদিকে কাদির আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন। মাত্র ৫৪ বলে ৮০ রান করেন কাদির। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও আটটি ছক্কা। অরুণ রাজপুতের বলে আউট হওয়ার আগে পাকিস্তানের স্কোরকে ১৯৭ রানে পৌঁছে দেন তিনি। অন্যদিকে নিজের ইনিংসকে সেঞ্চুরিতে নিয়ে যান উসমান। ১১১ বলে ১০৭ রান করেন তিনি। ১১টি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। কাব্য প্যাটেলের তাঁকে ফিরিয়ে ভারতকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন।

এরপর পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ দলের রানকে আরও এগিয়ে নিয়ে যান। ৬০ বলে ৬৩ রান করেন তিনি। ফারহান আউট হওয়ার পর পাকিস্তানের ইনিংসে কিছুটা গতি কমলেও শেষ পর্যন্ত ৩৩৭ রানের বড় লক্ষ্যে পৌঁছে দেয়।

ভারতের হয়ে কাভ্য প্যাটেল ১০ ওভারে ৬৮ রান দিয়ে চারটি উইকেট নেন। চিগুরুপতি ভেঙ্কটা পাঁচ ওভারে ৪০ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। অরুণ রাজপুত পান একটি উইকেট।

৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার আর্যবীর সেহওয়াগ ও অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচন্দানি শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করতে শুরু করেন। দুই ব্যাটারের মধ্যে প্রথম উইকেটে ৯৫ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। বল আঘাতে চোট পেলেও, সেই ব্যাথা নিয়েই ব্যাট করতে দেখা যায় আর্যবীরকে।

আর্যবীর ৬১ বলে ৫৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। অন্যদিকে অধিনায়ক লক্ষ্য ১০১ বলে ৮০ রান করে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তাঁর ব্যাট থেকে আসে পাঁচটি চার। প্রথম উইকেটের পতনের পর ভিকে ভিনীত ২১ বলে ২৪ রান করে দলের রান বাড়ান। কিন্তু পাকিস্তানও সহজে হাল ছাড়েনি। রিজওয়ানউল্লাহর বলে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।

অরুণ রাজপুত ১৮ বলে ১৬ রান করে আউট হন। যশবর্ধন চৌহান মাত্র পাঁচ বলে ৯ রান করেন। এরপর ১২ বলে ১৯ রান করে রান আউট হন উইকেটকিপার অন্বয় দ্রাবিড়। ফলে ভারতের স্কোর ২১৭ রানে পৌঁছতেই ষষ্ঠ উইকেটের পতন ঘটে। এই সময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

ভারতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন মানাল চৌহান। মাত্র ৩২ বলে ৪৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছয়। আরিয়ান সাভসানি ১৪ বলে ৯ রান করে আউট হন। কাব্য প্যাটেলও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ২৫২ রানে অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় শিবিরে চাপ আরও বাড়ে। কিন্তু ম্যাচের শেষদিকে এক অসাধারণ ইনিংস খেলেন মোহিত উলভা।

মাত্র ২৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর বিধ্বংসী ব্যাটিং। অন্যদিকে চিগুরুপতি ভেঙ্কটা আট বলে অপরাজিত ১১ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন। নবম উইকেটে মোহিত ও মানালের গুরুত্বপূর্ণ ৫৭ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর শেষ উইকেট জুটিতে মোহিত ও ভেঙ্কটার ৩০ রানের অবদান ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

৫০ ওভার শেষ হওয়ার সময় ভারতের স্কোর দাঁড়ায় ৩৩৯/৯। পাকিস্তানের ৩৩৭ রান টপকে এক উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

পাকিস্তানের হয়ে রিজওয়ানউল্লাহ ১০ ওভারে ৫৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। নিকাব শফিক দু’টি উইকেট পান। হাসনাইন আব্বাস দার, আলি রাজা এবং মহম্মদ সায়াম একটি করে উইকেট নেন।

তবে শেষ দিকে ভারতীয় ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিং সামলাতে পারেননি পাকিস্তানের বোলাররা।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google