IPL 2027: কাদের ধরে রাখল, কাদেরই বা ছেড়ে দিল কেকেআর, পার্সে থাকল কত টাকা

IPL 2027

আইপিএল ২০২৭ (IPL 2027)-এর আগে দল গঠনে বড়সড় পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামের আগে ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। সবচেয়ে বড় খবর, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ধরে রেখেছে কেকেআর। অন্যদিকে, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানের বিদায়ের পর নতুন অধিনায়ক খুঁজতে হবে কেকেআরকে। পাশাপাশি নিলামে পেস বোলিং বিভাগ শক্তিশালী করাও তাদের অন্যতম লক্ষ্য হতে পারে।


কেকেআর এবার ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডার বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রেখে দিয়েছে।

ধরে রাখা ১৭ জন ক্রিকেটারের তালিকা-

ক্যামেরন গ্রিন (২৫.২০ কোটি), রিঙ্কু সিং (১৩ কোটি), সুনীল নারিন (১২ কোটি), বরুণ চক্রবর্থী (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রামনদীপ সিং (৪ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি (রভম্যান পাওয়েল (১.৫০ কোটি), টিম সেইফার্ট (১.৫০ কোটি), মনীশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ),  সার্থক রঞ্জন (৩০ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লক্ষ), সৌরভ দুবে (৩০ লক্ষ), কার্তিক ত্যাগী (৩০ লক্ষ)।

ছেড়ে দেওয়া ১২ জন ক্রিকেটারের তালিকা-

মাথিশা পাথিরানা (১৮ কোটি), মুস্তাফিজুর রহমান (৯.২০ কোটি), রাচিন রবীন্দ্র (২ কোটি), তেজস্বী সিং (২ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), আকাশ দীপ (১ কোটি), ব্লেসিং মুজারাবানি (৭৫ লক্ষ), নবদীপ সাইনি (৭৫ লক্ষ), রাহুল ত্রিপাঠী (৭৫ লক্ষ), উমরান মালিক (৭৫ লক্ষ), দক্ষ কামরা (৩০ লক্ষ), লুভনিথ সিসোদিয়া (৩০ লক্ষ)।

উল্লেখিত অর্থ ক্রিকেটারদের আগের চুক্তিমূল্য, নতুন নিলামের দর নয়।

এবারের রিটেনশন পর্বে সবচেয়ে বড় চমক মাথিশা পাথিরানাকে ছেড়ে দেওয়া। গত নিলামে ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু চোটের কারণে ২০২৬ সালের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। ফলে এত বড় অঙ্কের বিনিয়োগের পরেও প্রত্যাশিত পরিষেবা পায়নি দল।

অন্যদিকে, মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে কেকেআর। ৯.২০ কোটি টাকায় তাঁকে কেনা হলেও বিসিসিআইয়ের নির্দেশে আগের মরসুমে তাঁকে দল থেকে ছেড়ে দিতে হয়েছিল।

ক্যামেরন গ্রিনকে ধরে রেখে তাঁর উপর আস্থার বার্তা দিল টিম ম্যানেজমেন্ট। ২৫.২০ কোটি টাকার ক্যামেরন গ্রিনকে ধরে রাখা কেকেআরের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই অবদান রাখার ক্ষমতা রয়েছে তাঁর। তবে আগামী মরসুমে তাঁকে পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। ২০২৭ সালে অ্যাশেজ এবং একদিনের বিশ্বকাপের সূচিও তাঁর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

রিঙ্কু সিং, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্থীর মতো ক্রিকেটারদের ধরে রাখার মাধ্যমে দলের মূল কাঠামোও অক্ষত রেখেছে কেকেআর।

ধরে রাখা প্লেয়ার ও ছেড়ে দেওয়া প্লেয়ারের তালিকা নিশ্চিত হয়ে যাওয়ার পর নিলামে কেকেআরের হাতে কত টাকা থাকল সেটাই এখন সব থেকে বড় বিষয়। কেকেআর-এর অবশিষ্ট নিলাম পার্স  থাকল ৪১.৬৫ কোটি টাকা। মোট ফাঁকা জায়গা রয়েছে আট, যা এই অঙ্কের টাকার মধ্যে নিতে হবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটারের জন্য ফাঁকা জায়গা রয়েছে তিনটি।

এই অর্থ নিয়ে নিলামে নামবে কেকেআর। পাথিরানা ও মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর পেস বোলিং বিভাগে নতুন ক্রিকেটার নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে একজন অভিজ্ঞ অধিনায়কও খুঁজতে হবে তাদের।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর ২০২৬ গোয়ায় বসতে চলেছে আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আসর। সেখানে আটটি ফাঁকা জায়গা পূরণ করতে হবে কেকেআরকে। সব মিলিয়ে, ২০২৭ সালের আইপিএলের আগে কেকেআরের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ—নতুন অধিনায়ক নির্বাচন, শক্তিশালী পেস আক্রমণ তৈরি এবং ক্যামেরন গ্রিনের মতো দামি ক্রিকেটারের পরিষেবা নিশ্চিত করা। ৪১.৬৫ কোটি টাকার পার্স নিয়ে নিলামে কী কৌশল নেয় কলকাতা, এখন সেটাই দেখার।

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google