রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship Final) শিরোপা জিতে নিল ভারত। মঙ্গলবার ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করে ব্লু টাইগার্স। এই জয়ের ফলে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন হল ভারত। পাশাপাশি টানা তিনটি সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের নজিরও গড়ল ভারতীয় ফুটবল দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল পাকিস্তান। একাধিকবার ভারতীয় রক্ষণকে চাপে ফেলে তারা। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মিনিট) আলমগির গাজির দুরন্ত গোলে এগিয়ে যায় পাকিস্তান। কাইমিনথাং লুংডিমের গায়ে লেগে বল গাজির কাছে পৌঁছলে ডান পায়ের নিখুঁত শটে জাল কাঁপান তিনি।
প্রথমার্ধে পিছিয়ে পড়ে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাঙ্গলেনথাং কিপগেনের পরিবর্তে ম্যাকার্টন নিকসনকে মাঠে নামান কোচ নওশাদ মুসা। তাঁর আগমনে ভারতের আক্রমণে গতি বাড়ে। ৫১ মিনিটে নিকসনের পাস থেকে পিভি বিষ্ণুর শট পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
এরপর ম্যাচের ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় পাকিস্তান। ব্রাইসন ফার্নান্ডেজের বিরুদ্ধে জুনেইদ শাহর বিপজ্জনক ট্যাকলের পর VAR পর্যালোচনা করে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ১০ জনে বাকি সময়টা খেলতে হয় পাকিস্তানকে। যদিও শেষ পর্যন্ত দারুণ লড়াই দেয় পাক দল।
ভারত অবশ্য প্রতিপক্ষের ১০ জনূ হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে বেশি সময় নেয়নি। ৬০ মিনিটেই কাইমিনথাং লুংডিমের বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরান সুহেল আহমেদ ভাট। নিকসনের প্রচেষ্টার পর বল পেয়ে ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে দেন তিনি। ম্যাচের ফল দাঁড়ায় ১-১।
সমতা ফেরানোর পর একের পর এক আক্রমণ চালাতে থাকে ভারত। ৭২ মিনিটে ব্রাইসন ফার্নান্ডেজ ও বিষ্ণুর পরিবর্তে মাঠে নামেন আবদুল রবি এবং ইরফান ইয়াদওয়াদ। তাঁদের আগমনে ভারতের আক্রমণে আরও গতি আসে। একাধিক সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না ভারত।
তবে ম্যাচের ৮৮ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। আবদুল রবির নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান ডিফেন্ডার সন্দীপ মান্ডি। বল মাটি ছুঁয়ে উঠে ইউসুফ বাটের নাগালের বাইরে গিয়ে জালে জড়িয়ে যায়। তাঁর এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। গোল করে এদিনের হিরো হয়ে গেলেও পুরো ম্যাচে ভারতের রক্ষণ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। বিশেষ করে সন্দীপ বান্ডিল পারফর্মেন্স নিয়ে।
প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা পাকিস্তানের স্বপ্নভঙ্গ হলেও ইতিহাস গড়ল ভারত। দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টানা তিনবার এই প্রতিযোগিতার শিরোপা জিতে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল ব্লু টাইগার্সরা।
ভারতীয় ফুটবল দল: ভারত: আরশ আনোয়ার শেখ (জিকে), চিংলেনসানা সিং কনশাম (সি), অভিষেক সূর্যবংশী, সুহেল আহমেদ ভাট (এবিন্দাস ইয়েসুদাসান ৯০+২’), বিষ্ণু পিভি (ইরফান ইয়াদওয়াদ ৭২′), খাইমিনথাং লুংডিম, রিকি শাবোং, ম্যাঙ্গলেনথাং এনকিপসন (ম্যাকার্টন নিক্সন ৪৬’), নিখিল প্রভু, সন্দীপ মান্ডি, ব্রাইসন ফার্নান্দেস (আব্দুল রাবীহ ৭২′)
