ডঃ পার্থ বন্দ্যোপাধ্যায়, নিউ ইয়র্ক: কিয়োটোর বৃষ্টিভেজা প্রাচীনতা ছেড়ে এবারে জাপান (Japan Travel 3) ভ্রমণের শেষ পর্যায়ে। চৌঠা নভেম্বর ট্রিপ টু গো-র বাস ধরে যেতে হবে নারা হয়ে ওসাকা। একদিন ওসাকার হোটেলে থেকে পাঁচ তারিখে আবার আমেরিকার পথে ফিরে যাওয়া—তাইওয়ান হয়ে। সংক্ষিপ্ত কিন্তু অতি স্মরণীয় দেশভ্রমণ শেষ হতে চলল।
কিয়োটো থেকে নারা প্রায় এক ঘণ্টার পথ। আজ কিন্তু ঝলমলে দিন। জাপানে পাতা ঝরার অটাম বা হেমন্তকাল পুরোপুরি শুরু হতে এখনও একটু দেরি আছে। আমাদের নিউ ইয়র্কে কিন্তু ফল শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসের শেষ থেকেই। আমাদের ব্রুকলিনের বাড়ির সামনে লাগানো ক্যামেরা দেখিয়ে দিল, বাড়ির সামনে যে শিশু ওক গাছটিকে শৈশব থেকে আমরা বড় হতে দেখলাম, যার নাম আমার স্ত্রী মুক্তি দিয়েছে ‘বিপুল’, সে এখন ভরন্ত যুবক। তার পাতাগুলো সব বিবর্ণ হয়ে বাদামি রং ধরেছে। অর্থাৎ বিপুল শীতঘুমের জন্যে তৈরি। আবার তার ঘুম ভেঙে নতুন পাতা গজাবে সেই আমি দেশ থেকে ফিরে আসার পর, মার্চ মাসের শেষের দিকে। জাপানে কিন্তু এখনও খুব আর্লি ফল। গাছের পাতায় রং ধরতে আরম্ভ করেছে। দিনের বেলা, বিশেষ করে দুপুরবেলা বেশ গরম। রাতের দিকে ঠান্ডা।
বাস নামিয়ে দিল নারা নামের ছোট্ট শহরে। এখানে দেখার জিনিস বলতে প্রধানত দুটো। কয়েক বর্গকিলোমিটার জুড়ে সবুজ ঘাসে ঢাকা বিশাল পার্ক, আর সেখানে এবং শহরের যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে অসংখ্য হরিণ। আমাদের দেশে যেমন যেখানে-সেখানে গরু-ছাগল ঘুরে বেড়ায়, এখানে তেমনি এই হরিণের দল। কারও কোনও তাড়া নেই। মানুষের সঙ্গে তাদের দিব্যি সহাবস্থান। পুরুষ হরিণের মাথায় শিং, যা নিরাপত্তার কারণে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীরা প্রয়োজনমতো ছেঁটে দেন। স্ত্রী-হরিণ সাধারণত শিংবিহীন। গায়ের রঙেও হালকা-গাঢ় তারতম্য।
গ্যারিবাবু মনে করিয়ে দিলেন, বেশি মাখামাখি করার দরকার নেই। নির্দিষ্ট হরিণের বিস্কুট দেওয়া যেতে পারে, কিন্তু অতিরিক্ত ভালোবাসা দেখাতে গেলে তারা তোমার সঙ্গ আদৌ না-ও ছাড়তে পারে! আমরা দু’জন সেদিক পানে আর বেশি গেলাম না। নারার বিশ্ববিখ্যাত কাঠের মন্দিরের উদ্দেশে হাঁটা দিলাম। সে এক অপূর্ব দৃশ্য! তাজমহলের মতো এক বিশাল চত্বর জুড়ে দাঁড়িয়ে আছে সুবিশাল বৌদ্ধমন্দির। নাম তোদাই-জি। তার প্রধান উপাসনাগৃহ দাইবুৎসুদেন—গ্রেট বুদ্ধ হল। পৃথিবীর বৃহত্তম ঐতিহ্যবাহী কাঠের স্থাপনাগুলির অন্যতম।প্রাচীন মন্দিরটির ইতিহাস অষ্টম শতাব্দী থেকে শুরু। বর্তমান প্রধান উপাসনাগৃহটি অবশ্য ১৭০৯ সালে পুনর্নির্মিত। কয়েক শতাব্দী ধরে জাপানের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক আশ্চর্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল কাঠের স্থাপত্য।
নারার তোদাই-জি বৌদ্ধমন্দিরের বিশাল কাঠের প্রধান উপাসনাগৃহ

নারার সুবিশাল কাঠের মন্দির
ভিতরে বিশাল ব্রোঞ্জের গৌতম বুদ্ধ। ধ্যানমগ্ন সিদ্ধার্থ। চারপাশে প্রহরীর মতো দাঁড়িয়ে নানা দেবমূর্তি। অদ্ভুত একটা গা-ছমছম করা অনুভূতি। বুদ্ধের এক হাত অভয়মুদ্রায় উত্তোলিত। যেন সমস্ত মানবজাতিকে বলছেন, ভয় পেয়ো না। প্রজ্ঞা, ত্যাগ, করুণা ও শান্তির বাণী বহন করে চলেছে জাপানের বৌদ্ধধর্ম। এই শান্তির দর্শনের সঙ্গে জাপানের ইতিহাসের এক গভীর বৈপরীত্যও রয়েছে। একদিকে সামুরাইদের যুদ্ধ, সাম্রাজ্যবিস্তার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা। অন্যদিকে বুদ্ধের অহিংসা ও করুণার আদর্শ। এ কারণেই বোধহয় হিরোশিমা ও নাগাসাকিতে পৈশাচিক, নারকীয় মার্কিন আণবিক বোমা ও ধ্বংসের পরেও জাপান প্রতিশোধের রাস্তায় না গিয়ে যুদ্ধোত্তর পুনর্গঠন ও শান্তির পথে এগিয়েছে। অবশ্য ইতিহাসের এই পরিবর্তনের পিছনে রাজনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক নানা কারণও রয়েছে। তবু বুদ্ধের সামনে দাঁড়িয়ে মনে হল, মানবসভ্যতার সবচেয়ে বড় প্রয়োজন বোধহয় এই শান্তির শিক্ষাটুকুই।
তোদাই-জি মন্দিরের ভিতরে বিশাল ব্রোঞ্জের গৌতম বুদ্ধ

নারার ঐতিহাসিক তোদাই-জি বৌদ্ধমন্দিরের বিশাল কাঠের উপাসনাগৃহ।
হিরোশিমা আর এক পবিত্র তীর্থক্ষেত্র আমার কাছে। খুব বেশি ইচ্ছে ছিল সেখানে যাওয়ার। যে শহরের নাম শুনলেই মনে পড়ে মানুষের তৈরি ধ্বংসের সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলির একটি, সেখানে একবার দাঁড়াতে পারলে ভালো লাগত। ইতিহাসের কাছে, নিহত অসংখ্য নিরীহ মানুষের স্মৃতির কাছে মাথা নত করতে পারতাম। কিন্তু ওই যে শরদিন্দুর ব্যোমকেশের কথায়, “ইচ্ছা সম্যক ভ্রমণ গমনে, কিন্তু পাথেয় নাস্তি।” এখানে শুধু পাথেয় নয়, সময়ও নাস্তি! টোকিও, কিয়োটো কিংবা ওসাকা থেকে হিরোশিমা যাওয়ার জন্যে আলাদা সময়, বুলেট ট্রেনের ভাড়া, যাওয়া-আসার ব্যবস্থা—সব মিলিয়ে প্রায় একটা গোটা দিন দরকার। ভাড়াও নেহাত কম নয়। তাও যদি বা দেওয়া গেল, যাবই বা কখন, ফিরবই বা কখন? অগত্যা এবার আর হিরোশিমা যাওয়া হল না। দূর থেকে ফুজি-সানকে উদ্দেশ করে ক্ষমা চেয়ে রাখলাম।
নারা থেকে এবারে বাসে করে ভ্রমণের শেষ শহর—ওসাকা। নতুন, আধুনিক শহর ওসাকা। কিয়োটোর থেকে একেবারেই আলাদা। আবার টোকিওর মতো কর্পোরেট সিটিও নয়। এখানে বাড়ির রং কিয়োটোর মতো ম্লান নয়। বরং উজ্জ্বল। রাস্তাঘাটে অন্যরকম প্রাণচাঞ্চল্য। কিয়োটোতে ইংরেজি বলা জাপানির সংখ্যা আমাদের অভিজ্ঞতায় অনেক কম। ওখানে রেস্টুরেন্টে সুশি খেতে গেলে সুন্দরী ওয়েট্রেসদের হাতে ট্রান্সলেশন যন্ত্রের ওপর ভরসা করতে হয়েছে। এখানে ওসাকায় অনেকেই ইংরেজি বলে। অন্তত আমাদের অভিজ্ঞতা তাই। এখানে অল্পবয়সি ছেলেমেয়ের সংখ্যাও যেন অনেক বেশি।
ওসাকার সুউচ্চ রাজপ্রাসাদ, অর্থাৎ ঐতিহাসিক ওসাকা দুর্গ। চারদিকে ঘেরা প্রতিরক্ষা খাল, যাকে ইংরেজিতে বলে moat। আমাদের আলিপুর চিড়িয়াখানায় বাঘের বাসস্থানের চারদিকে যেমন খাল থাকে, অনেকটা সেই রকম। অবশ্য এখানে তার ব্যাপ্তি ও ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। ইতিহাস বলে, ষোড়শ শতাব্দীর শেষদিকে নির্মিত এই দুর্গ জাপানের সামন্তযুগের ক্ষমতার লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। শোগুন ও সামুরাই যোদ্ধাদের সংঘর্ষ, অবরোধ, যুদ্ধ—কত ইতিহাস জড়িয়ে আছে এই দুর্গকে ঘিরে। বিশেষ করে ১৬১৪ ও ১৬১৫ সালের ওসাকা অবরোধ জাপানের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। দুর্গের প্রতিরক্ষাব্যবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী। তবু ইতিহাসের নিয়মে এই দুর্গও একসময় পতনের মুখ দেখেছে। বর্তমান সুউচ্চ দুর্গটি মূল ঐতিহাসিক স্থাপত্যের আধুনিক পুনর্নির্মাণ। কাল ফিরে যাব। আরও দুটো-তিনটে টুর গ্রুপ এসে হাজির হয়েছে। সবাইকে নিয়ে গ্রুপ ফটো তোলা হল। নানা দেশের, নানা ভাষার, নানা বয়সের মানুষ। কয়েকটা দিন একসঙ্গে ঘুরে বেড়ানো। তারপর যে যার দেশে, যে যার জীবনে ফিরে যাওয়া। ভ্রমণের আনন্দ বোধ হয় এখানেও।

ঐতিহাসিক ওসাকা দুর্গের সামনে আমাদের আন্তর্জাতিক ভ্রমণদল। জাপান সফরের শেষ দিনে একসঙ্গে স্মৃতির পাতায়।
তারপর হোটেল। হোটেলের ঠিক সামনেই রেললাইন। ট্রেন চলেছে একের পর এক। আধুনিক জাপানের গতিময় জীবনের আর এক ছবি। আবার নারার বৌদ্ধবিহারে যাওয়ার সময়ে দেখে এসেছি লোকাল ট্রেন, লেভেল ক্রসিং আর যাত্রীদের ভিড়। ঠিক যেন আমাদের বারুইপুর স্টেশন। শুধু প্লাস্টিক, আবর্জনা আর চিৎকার-গোলমাল—এই ব্যাপারগুলো ছাড়া। কিন্তু জনগণ আর তার দৈনন্দিন জীবনসংগ্রাম পৃথিবীর সর্বত্রই এক। জাপানের মানুষও কাজে যায়, ঘরে ফেরে, সংসার চালায়, ছেলেমেয়েদের মানুষ করে। তাদেরও আশা-আকাঙ্ক্ষা আছে, উদ্বেগ আছে, জীবনের ছোট-বড় সমস্যা আছে। দেশ আলাদা, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা। কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মধ্যে কোথাও যেন এক গভীর মিল।

ওসাকায় জাপানের শেষ সন্ধ্যা
জাপান ভ্রমণ শেষ হল। পরের দিন দীর্ঘ বিমানযাত্রা। প্রথমে ওসাকা থেকে প্রায় তিন ঘণ্টা উড়ে তাইপে বিমানবন্দর। সেখান থেকে প্রায় এগারো ঘণ্টার উড়ান—ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস। তাইপে বিমানবন্দরে অনেকক্ষণ অপেক্ষা। সুসজ্জিত, শিল্পসম্মত বিমানবন্দর। চারদিকে আধুনিকতার ছাপ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির মধ্যেও ভালো লাগল। তারপর আবার আকাশে। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে দীর্ঘ বিমানযাত্রা। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে বিখ্যাত ইও জিমার কথা মনে পড়ে গেল। আর তারও পরে আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে এক আশ্চর্য অভিজ্ঞতা। জাপান ছেড়ে রওনা দিয়েছি পাঁচই নভেম্বর। অথচ ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডারের হিসেব বদলে গিয়ে আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছলাম সেই পাঁচ নভেম্বরেই, সকালের দিকে! একই দিন যেন দু’বার ফিরে এল জীবনে। কী মজা।
(সমাপ্ত)
আলোকচিত্র: লেখক
প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর
জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google

