Yuzvendra Chahal ক্রিকেট মাঠ ছেড়ে রাজনীতির ময়দানে, কী ভূমিকায় দেখা যাবে তাঁকে

Yuzvendra Chahalযুজবেন্দ্র চাহাল

ক্রিকেটের ২২ গজে বহুবার নিজের স্পিনের জাদুতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন। এবার কি নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)? রাজনীতির ময়দানে তাঁর প্রবেশ ঘিরে তৈরি হয়েছে নতুন চর্চা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছেন তিনি। তাঁকে দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে।

ক্রিকেট থেকে রাজনীতিতে যোগদান কোনও নতুন ঘটনা নয়। অতীতে এই তালিকায় অনেক বড় বড় নাম যেমন দেখা গিয়েছে, তেমনই সাম্প্রতিক সময়েও ক্রিকেট থেকে রাজনীতির মঞ্চে যোগ দিয়েছেন অনেক পরিচিত নাম। সেই তালিকায় নতুন সংযোজন চাহাল।


বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যের সঙ্গে আগেই সাক্ষাৎ করেছিলেন চাহাল। সেই সাক্ষাতের পরই দলের নতুন সাংগঠনিক দায়িত্বের তালিকায় তাঁর নাম উঠে আসে।

দলীয় সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশে ওবিসি মোর্চার নতুন পদাধিকারীদের নিয়োগ করা হয়েছে। চাহালকে দিল্লির প্রতিনিধি হিসেবে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে।

চাহালের পাশাপাশি বিজেপি ওবিসি মোর্চার সাংগঠনিক কাঠামোয় একাধিক নতুন নিয়োগের ঘোষণা করেছে। সাতজনকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে।

তাঁরা হলেন—

* জোগেন মোহন – অসম

* মমতা মোহন্ত – ওড়িশা

* সঙ্গমলাল গুপ্ত – উত্তরপ্রদেশ

* বাবনরাও রাওজি চৌধুরী – মহারাষ্ট্র

* সৎ প্রকাশ রানা – দিল্লি

* অর্জুন সাহনি – বিহার

* সঙ্গীতা বলবন্ত বিন্দ – উত্তরপ্রদেশ

এছাড়াও গজেন্দ্র যাদব, প্রমোদ মাধবরাজ এবং ললিত চন্দ্রকরকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে।

তবে এই নিয়োগের পর চাহাল ক্রিকেট ছেড়ে পুরোপুরি রাজনীতিতে আসছেন কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই আপাতত ক্রিকেট ও রাজনীতির দুই ক্ষেত্রেই তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবর

জাস্ট দুনিয়ার সঙ্গে গোটা বিশ্বকে রাখুন নিজের পকেটে। Follow Us On: Facebook, Twitter, Google