দিনদুপুরে মেডিক্যাল কলেজ চত্বর থেকে অপহরণের অভিযোগ!

কর্ণাটকের ম্যাঙ্গালুরুর একটি মেডিক্যাল কলেজ চত্বর থেকে দিনদুপুরে এক মহিলা মেডিক্যাল পড়ুয়াকে অপহরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে কেরলের এক আত্মীয়ের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়ার পর তদন্তকারীদের কাছে ওই ছাত্রী জানিয়েছেন, তিনি পরিবারের কাছে ফিরে যেতে চান না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরুর দেরালাকাট্টে এলাকার কানাচুর মেডিক্যাল কলেজে। কলেজ চত্বর থেকেই ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি প্রকাশ্যে আসে।


উদ্ধার হওয়া ছাত্রীর পরিবারের কাছে ফিরে যেতে অস্বীকার করার বিষয়টি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। ঠিক কী কারণে তিনি পরিবারের কাছে ফিরতে চাইছেন না, ঘটনার নেপথ্যে কোনও ব্যক্তিগত বা পারিবারিক বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।