মোদী-বিরোধী পোস্ট করলেই অ্যাকাউন্ট ব্লক! ভাঙচুর মেটার অফিসে

সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সমালোচনা করলেই কি বন্ধ করে দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট? এই অভিযোগ ঘিরেই এবার উত্তপ্ত জাতীয় রাজনীতি। মেটার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্ব ও বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে সংস্থার অফিসে বিক্ষোভ, এমনকী ভাঙচুরের অভিযোগ উঠল যুব কংগ্রেসের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং সংগঠনের জাতীয় দায়িত্বপ্রাপ্ত নেতা মনীশ শর্মার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে। গত ২০ নভেম্বর হায়দরাবাদ, মুম্বই এবং গুরুগ্রামে মেটার অফিসের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। হায়দরাবাদে বিক্ষোভকারীদের একাংশকে অফিস চত্বরে ঢুকে স্লোগান দিতে এবং ফুলের টব ভাঙতে দেখা যায়। ঘটনায় প্রায় ২০ জন কর্মীকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।


যুব কংগ্রেসের দাবি, মোদি ও বিজেপির সমালোচনামূলক পোস্ট এবং বিরোধী নেতাদের অ্যাকাউন্ট পরিকল্পিতভাবে আটকে দেওয়া হচ্ছে। এমনকী, বিক্ষোভের পর তাঁদের দুই নেতার অ্যাকাউন্ট ফের চালু হয়েছে বলেও দাবি সংগঠনের।